সুপারস্টার হয়েও ছাড় নেই- দুই দিন মহড়া, সকাল ১০টায় সেটে সালমান
বলিউডের সুপারস্টার সালমান খান। তারকাখ্যাতি থাকলেও কাজের ক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারত্বে কোনো ছাড় দেন না তিনি। ‘মাতৃভূমি’ গানের শুটিংয়ের আগে টানা দুই দিন মহড়া করেছেন এই অভিনেতা। এমনকি শুটিংয়ের দিন অন্য সবার মতো সকাল ১০টায় সেটে হাজির হয়েছিলেন তিনি।
‘মাতৃভূমি’ সিনেমার ‘মাদিরাপন’ শিরোনামের গানটির কোরিওগ্রাফি করেছেন মুদাসসার খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সালমানের কাজের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার নানা দিক তুলে ধরেন।
মুদাসসার জানান, সাধারণত সালমান শুটিংয়ের দিন সেটে এসে নাচের স্টেপ শিখে নেন এবং সঙ্গে সঙ্গেই পারফর্ম করেন। কিন্তু ‘মাদিরাপন’ গানের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। গানটির জন্য এক থেকে দুই দিন আগেই মহড়া দিয়েছেন অভিনেতা।
শুধু নিজের নাচ নয়, গানের অন্য শিল্পীদের পারফরম্যান্স, নৃত্যশিল্পীদের পোশাক এবং সামগ্রিক উপস্থাপনাও খেয়াল করেছেন সালমান। চার থেকে পাঁচ দিন ধরে চলা শুটিংয়ে প্রতিটি বিষয় ঠিকঠাক হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করেছেন তিনি।
কোরিওগ্রাফার আরও জানান, গানটির দৃশ্য ধারণে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ‘বোল্ট’ ক্যামেরা। ক্যামেরাটি মুহূর্তের মধ্যে ডান-বাম ও ওপর-নিচে দ্রুত চলাচল করতে পারে। এতে গানের দৃশ্যায়নে এসেছে বাড়তি গতি ও ভিন্ন মাত্রা।
উল্লেখ্য, ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। ছবিটি মুক্তির কথা রয়েছে ৪ ডিসেম্বর ২০২৬।
বিভি/জোহা













মন্তব্য করুন: