র্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে আহত হয়ে হাসপাতালে মিষ্টি জান্নাত
মিষ্টি জান্নাত
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অনুষ্ঠানের র্যাম্পে হাঁটার সময় স্টেজের ত্রুটির কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। এতে পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাত পেয়েছেন এই অভিনেত্রী। পরে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আপাতত ১৫ দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, বেসরকারি একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিষ্টি জান্নাত। আয়োজনের অংশ হিসেবে র্যাম্পে হাঁটছিলেন তিনি। একপর্যায়ে স্টেজের ত্রুটির কারণে ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রথমবার কোনোভাবে নিজেকে সামলে নিলেও দ্বিতীয়বার আর রক্ষা পাননি। পড়ে যাওয়ার পরও সাহস ধরে রেখে বাকি পথ হেঁটে ব্যাকস্টেজে চলে যান তিনি।
ঘটনা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, “আমি প্রতিনিয়ত স্টেজে র্যাম্পে হাঁটি। এর চেয়েও ভারী ও লম্বা পোশাক পরে র্যাম্পে হেঁটেছি। আমার হাঁটা বা পোশাকের কারণে এমনটা হয়নি। স্টেজে ত্রুটির কারণে প্রথমবার বাধাগ্রস্ত হলেও নিজেকে সামলে নিই। কিন্তু পরেরবার আর পারিনি, পড়ে যাই। এরপরও নিজেকে সামলে বাকি পথ হেঁটে ব্যাকস্টেজে যাই।”
তিনি আরও জানান, ব্যাকস্টেজে যাওয়ার প্রায় পাঁচ মিনিট পর পা নাড়াতে পারছিলেন না। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে জানান, পায়ের গোড়ালির লিগামেন্টে টান লেগে আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসক তাঁকে ব্যথানাশক ওষুধ দেওয়ার পাশাপাশি হাতে স্যালাইন দেন। পায়ে প্লাস্টার করার পরামর্শও দিয়েছেন।
মিষ্টি জান্নাত বলেন, আপাতত বাসায় ফিরছেন তিনি। পরদিন হাসপাতালে গিয়ে পায়ে প্লাস্টার করাবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, প্লাস্টার করার পাশাপাশি ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে।
হঠাৎ এমন দুর্ঘটনায় আপাতত কাজ থেকে বিরতি নিতে হচ্ছে এই অভিনেত্রীকে। দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ও কাজে ফিরতে চান তিনি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন মিষ্টি জান্নাত।
বিভি/জোহা













মন্তব্য করুন: