• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

উচ্চাকাঙ্ক্ষী নারী হলেই কেন নেতিবাচক তকমা, প্রশ্ন লারা দত্তের

প্রকাশিত: ১৯:৪৯, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
উচ্চাকাঙ্ক্ষী নারী হলেই কেন নেতিবাচক তকমা, প্রশ্ন লারা দত্তের

নারীর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সমাজের দ্বিমুখী দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। নীতেশ তিওয়ারির বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এ কৈকেয়ীর চরিত্রে অভিনয় করতে গিয়ে নারী, মাতৃত্ব ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছেন তিনি। অভিনেত্রীর প্রশ্ন, একজন নারী উচ্চাকাঙ্ক্ষী হলেই তাঁকে নেতিবাচকভাবে দেখা হবে কেন?

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লারা বলেন, প্রায় তিন দশক ধরে তিনি বিনোদনজগতে কাজ করছেন। নিজেকে একজন উচ্চাকাঙ্ক্ষী নারী হিসেবেই দেখেন তিনি। কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কারণে তাঁকে কখনো নেতিবাচক তকমা দেওয়া হয়নি বলে জানান অভিনেত্রী। তাঁর মতে, একজন নারী উচ্চাকাঙ্ক্ষী হতেই পারেন। তবে নিজের লক্ষ্য অর্জনের পথে তিনি কতটা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছেন, সেটিই অনেক সময় সমাজের বিচার-বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়ায়।

নারীর কর্মজীবন ও পারিবারিক দায়িত্বের ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন লারা। তার ভাষ্য, সফল নারীদের প্রায়ই জিজ্ঞেস করা হয়, তাঁরা কীভাবে সংসার ও কর্মজীবন সামলান। অথচ সফল পুরুষদের ক্ষেত্রে এমন প্রশ্ন খুব একটা করা হয় না। এই বৈষম্য নিয়েই আপত্তি তাঁর।

‘রামায়ণ’-এ কৈকেয়ীর চরিত্র প্রসঙ্গে লারা বলেন, চরিত্রটিতে মাতৃত্বের ভালোবাসা ও নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য তুলে ধরতে হয়েছে তাঁকে। রামকে বনবাসে পাঠানোর সিদ্ধান্তের কারণে কৈকেয়ীকে দীর্ঘদিন ধরে নেতিবাচক চরিত্র হিসেবে দেখা হয়েছে। তবে লারার মতে, চরিত্রটিকে শুধু একটি দৃষ্টিকোণ থেকে বিচার করলে তার পূর্ণাঙ্গ রূপ বোঝা যায় না।

ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। স্বামী ও সাবেক টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে তাঁদের ১৪ বছর বয়সী মেয়ে সাইরার বেড়ে ওঠায় দুজনেই সমানভাবে সময় দেওয়ার চেষ্টা করেন। মেয়ের পড়াশোনা ও খেলাধুলার সাফল্যে পাশে থাকাকে তাঁরা অভিভাবক হিসেবে নিজেদের দায়িত্ব মনে করেন।

উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী। কৈকেয়ীর চরিত্রে লারা দত্তের অভিনয়ও আলোচনায় এসেছে।

বিভি/জোহা

মন্তব্য করুন: