ভারতে বাতিল হলো জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাতের’ প্রদর্শনী
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে ভারতে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে ভারতের বেঙ্গালুরুতে নাটকটির দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করেছেন আয়োজকেরা।
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে দর্শকপ্রিয়তা পেয়েছে নাটকটি। সেই জনপ্রিয়তাকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে ব্যক্তিগত পরিসরে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে প্রচারপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রদর্শনীটি আগামী ২৮ নভেম্বর ফ্রেজার টাউনের শীশ কাবাব রেস্তোরাঁয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‘বেঙ্গালুরুতে প্রথমবারের মতো প্রদর্শনী’ শিরোনামে এর প্রচারণাও চালানো হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হতে যাওয়া আয়োজনে নাটকটির ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর পাশাপাশি পারস্য ও আরবীয় খাবারের ব্যবস্থাও রাখা হয়েছিল।
এ ছাড়া দ্য স্টার ক্লাবের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর শহরের একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে দ্বিতীয় প্রদর্শনীর পরিকল্পনা ছিল।
দুটি আয়োজনের প্রচারপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। বিষয়টি নজরে আসে বেঙ্গালুরু পুলিশেরও। শহরটির পুলিশ কমিশনার আর হিতেন্দ্র জানান, এ ধরনের আয়োজনের বিষয়ে পুলিশ অবগত হয়েছে। আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, আপাতত একটি আয়োজনের পরিকল্পনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আরও জানতে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মাঠপর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা নেওয়া হবে।
এদিকে বিতর্কের মুখে ২৮ নভেম্বরের প্রদর্শনী বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে শীশ কাবাব রেস্তোরাঁ কর্তৃপক্ষ। রেস্তোরাঁর এক প্রতিনিধি জানিয়েছেন, নির্ধারিত দিনে অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হবে না। তবে বাতিলের সুনির্দিষ্ট কারণ জানাননি তিনি।
অন্যদিকে, ৫ ডিসেম্বরের প্রদর্শনী বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন দ্য স্টার ক্লাবের আয়োজকেরাও। তাদের ভাষ্য, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ পরিচিতদের নিয়ে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শেষ পর্যন্ত প্রদর্শনী বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: