ছয়টি রোমান্টিক গানে শুভ-কানিজ ফাতেমা, শুটিং হবে ইউরোপে
নতুন ছয়টি রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী শুভ ও জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং উপস্থাপিকা কানিজ ফাতেমা। দুই শিল্পীর কণ্ঠে গানগুলো প্রকাশ পাবে মিউজিক ভিডিও আকারে। এরই মধ্যে গানগুলোর রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এবার চলছে মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি।
গানগুলোর মধ্যে রয়েছে ‘থাকলে তুই কাছে’, ‘ভালোবাসি তোকে’ ও ‘আমায় আগলে রেখো ভালোবেসে’। বাকি গানগুলোর শিরোনাম এখনো প্রকাশ করা হয়নি।
কানিজ ফাতেমা বলেন, “শুভর সঙ্গে বেশ কিছু রোমান্টিক ডুয়েট গান করেছি। গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন মিলিয়ে দারুণ কিছু কাজ হয়েছে। বিশেষ করে শুভর গায়কী আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তার কণ্ঠ সত্যিই অসাধারণ। আশা করছি, আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।”
অন্যদিকে সংগীতশিল্পী শুভ বলেন, “মুম্বাইয়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিসহ দেশ-বিদেশের অনেক শিল্পীর সঙ্গে গান করার অভিজ্ঞতা হয়েছে। তবে কানিজ ফাতেমার কণ্ঠ আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে। আশা করছি, আমাদের গানগুলো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”
শুভ আরও জানান, কানিজ ফাতেমা শুধু গানই করেন না, উপস্থাপনা ও মডেলিংয়েও যুক্ত। তাই মিউজিক ভিডিওগুলোতে দুজনকেই পর্দায় দেখা যাবে। খুব শিগগিরই শুরু হবে ভিডিওর শুটিং।
জানা গেছে, ছয়টি গানের মধ্যে তিনটির মিউজিক ভিডিওর শুটিং হবে ইউরোপের তিন দেশ—লন্ডন, সুইজারল্যান্ড ও ফ্রান্সে।
এ প্রসঙ্গে কানিজ ফাতেমা বলেন, “আমরা খুব শিগগিরই ইউরোপে যাচ্ছি। সেখানে তিনটি গানের শুটিং হবে। লন্ডন, সুইজারল্যান্ড ও ফ্রান্সের মনোরম লোকেশনে ভিডিওগুলোর দৃশ্য ধারণ করা হবে। বিষয়টি নিয়ে আমি ভীষণ আনন্দিত। আশা করছি, দর্শকদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব।”
গানগুলোর কথা লিখেছেন সংগীতশিল্পী শুভ নিজেই। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন কাউসার খান। মিউজিক ভিডিওগুলো পরিচালনা করবেন চন্দন রায় চৌধুরী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন মাধ্যমে গানগুলো প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সংগীতশিল্পী শুভ এর আগেও একাধিক গান উপহার দিয়েছেন। এবার কানিজ ফাতেমার সঙ্গে ছয়টি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসার অপেক্ষায় রয়েছেন তিনি।
বিভি/জোহা













মন্তব্য করুন: