• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এবার অ্যালেন স্বপনের শায়লা হচ্ছেন প্রভা, বাদ পড়লেন মিথিলা

প্রকাশিত: ১৭:৩৪, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার অ্যালেন স্বপনের শায়লা হচ্ছেন প্রভা, বাদ পড়লেন মিথিলা

‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে শায়লা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। আগের দুই সিজনে চরিত্রটিতে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে পেশাগত ব্যস্ততার কারণে নতুন সিজনে থাকছেন না তিনি। তার পরিবর্তে শায়লা চরিত্রে যুক্ত হয়েছেন প্রভা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজটির নির্মাতা শিহাব শাহীন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। গত অক্টোবরে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চে সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেন। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। এসব পেশাগত ব্যস্ততার কারণে নতুন সিজনের শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মিথিলা।

জানা গেছে, মিথিলার শিডিউলের জন্য অপেক্ষা করেছিল প্রযোজনা সংস্থা। তবে শেষ পর্যন্ত তার শিডিউল না পাওয়ায় চরিত্রটিতে প্রভাকে নেওয়া হয়েছে।

গত ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর দৃশ্যধারণ। নতুন সিজনে নামভূমিকায় ফিরছেন নাসির উদ্দিন খান। আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি শেষ হওয়ার কথা দৃশ্যধারণ।

নতুন সিজনের গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত কিছু জানাননি নির্মাতা শিহাব শাহীন। তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এবার নতুন গল্পের পাশাপাশি যুক্ত হবে বেশ কয়েকটি নতুন চরিত্র। গল্পের পটভূমি হবে ঢাকা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে সিরিজটি।

উল্লেখ্য, ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ী থেকে অর্থপাচারের জগতে প্রভাবশালী হয়ে ওঠা ব্যক্তির চরিত্রে অভিনয় করে নজর কাড়েন নাসির উদ্দিন খান। চরিত্রটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন। এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রকাশিত হয় দ্বিতীয় সিজন।

বিভি/এজেড

মন্তব্য করুন: