• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

প্রকাশিত: ১৯:৫৩, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে ফিরছে আগামীকাল শনিবার। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৬ বাংলাদেশি শ্রমিক। তাদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।

তবে অগ্নিকাণ্ডে বাকি সাতজনের মরদেহ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়েছে। সেখানকার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় পাঠানো হচ্ছে।

নিহত সাতজন হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাইয়ের মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

মরদেহগুলো ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর নিহতদের স্বজন ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন: