নাচের ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ হয়ে ঢাবি শিক্ষিকা মোনামির পোস্ট!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামির ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে নিজের নাচ নিয়ে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ নেই বলেও স্পষ্ট জানিয়েছেন এই শিক্ষিকা।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান মোনামি।
পোস্টে তিনি লেখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও আলোচনার কেন্দ্রে এসেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার নাচের ভিডিও।
মোনামি জানান, ভিডিওটি প্রথমে তার এক বন্ধু ফেসবুকে শুধু বন্ধুদের দেখার জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি নিজেও সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন। তার ধারণা ছিল, ভিডিওটি কেবল পরিচিত বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমের কাছে সরবরাহ করেছেন বলে মনে করছেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওই ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।
নিজের নাচ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন হয়তো প্রচলিত তথাকথিত আদর্শের সঙ্গে মেলে না। তবে নাচের ক্ষেত্রে বয়স ও শারীরিক গঠন কেন মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল বা সমালোচনার মুখে পড়তে পারেন, সে বিষয়ে আগে থেকেই সচেতন ছিলেন বলে জানান মোনামি। তবে এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
তিনি আরও জানান, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের। ভবিষ্যতে আবারও এমন সুযোগ এলে তিনি একইভাবে আনন্দে অংশ নেবেন। নিজের নাচকে স্বাভাবিক আনন্দ প্রকাশের অংশ হিসেবে উল্লেখ করে এ নিয়ে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই বলেও জানান তিনি।
বিভি/এজেড













মন্তব্য করুন: