ভূমিকম্প হলে কি মাইগ্রেনের ব্যথা বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞরা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত ছবি
ভূমিকম্পের আগে বা পরে অনেক মানুষ মাথাব্যথা, মাথা ঘোরা কিংবা মাইগ্রেনের তীব্রতা অনুভব করেন। এমন প্রাকৃতিক দুর্যোগের আগে বা পরে মাইগ্রেনের ব্যথা ট্রিগার হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে ভূমিকম্প ও মাইগ্রেনের মধ্যে কিছু সম্ভাব্য সম্পর্ক নিয়ে গবেষণা চললেও, এ বিষয়ে আরও বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের ভাষ্য মতে, মাইগ্রেন একটি জটিল স্নায়বিক সমস্যা, যা আবহাওয়ার পরিবর্তন, বায়ুচাপের ওঠা-নামা, মানসিক চাপ, ঘুমের ব্যঘাত এবং পরিবেশগত বিভিন্ন কারণে উদ্দীপ্ত হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, বড় ধরনের ভূমিকম্পের আগে-পরে বায়ুমণ্ডলীয় চাপ ও পরিবেশগত পরিবর্তন সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে মাইগ্রেনের উপসর্গ বাড়িয়ে দেয়।
জাপান ও অন্যান্য ভূমিকম্পপ্রবণ অঞ্চলে পরিচালিত কয়েকটি গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের পর মানসিক উদ্বেগ, আতঙ্ক এবং অনিদ্রার কারণে অনেক মানুষের মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়। তবে ভূমিকম্পের কম্পন নিজেই মাইগ্রেন সৃষ্টি করে—এমন প্রমাণ এখনও পর্যাপ্ত নয়।
ভূমিকম্পের সময় এবং এর পরবর্তী সময়ে মাইগ্রেনের ব্যথা হওয়ার প্রধান কারণগুলো হলো:
বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন (Barometric pressure): কিছু গবেষণায় দেখা যায়, ভূগর্ভস্থ পাথরের চাপের কারণে ভূমিকম্পের আগে বা সময়ে বায়ুমণ্ডলের ও আবহাওয়ার চাপে পরিবর্তন আসতে পারে, যা মাইগ্রেনের রোগীদের জন্য একটি পরিচিত প্রাকৃতিক ট্রিগার।
ভয় ও মানসিক চাপ (Stress): ভূমিকম্পের আকস্মিকতা এবং ভয়াবহতা মানবদেহের স্নায়ুতন্ত্রকে চরম চাপের মুখে ফেলে। এর ফলে শরীরে স্ট্রেস হরমোন (যেমন- কর্টিসল) বৃদ্ধি পায় এবং হঠাৎ মানসিক চাপে মাইগ্রেনের ব্যথা ট্রিগার হতে পারে।
মেডিসিন বিশেষজ্ঞ ড. সাঈদ বিন আহমেদ বলেন, ভূমিকম্পের সময় বা পরে অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় এবং শারীরিক ক্লান্তি মাইগ্রেনের ট্রিগার হিসেবে কাজ করতে পারে।
করণীয় কী?-জানতে চাইলে তিনি বলেন, ভূমিকম্পের পর মাথা ঝিমঝিম বা মাইগ্রেনের সমস্যা হলে আতঙ্কিত না হয়ে শান্ত পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম নিন। তবে অস্বাভাবিক মাথাব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, দৃষ্টিশক্তির সমস্যা বা অন্য কোনো স্নায়বিক উপসর্গ দেখা দেয় এবং এসব সমস্যা যদি ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হয় বা বমির মতো গুরুতর উপসর্গ দেখা দেয়,তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: