• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, বিভাগজুড়ে মোট প্রাণহানি ৭

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৪:০২, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, বিভাগজুড়ে মোট প্রাণহানি ৭

রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম হবিবুর রহমান (৪০)। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২২২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, হবিবুর রহমান ঢাকা থেকে এসে গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃত সাতজনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ রংপুর জেলায় চারজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

এদিকে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু হাসপাতাল ও চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর না করে সিটি করপোরেশন, পৌরসভা ও বাড়িঘরে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।

পাশাপাশি সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত