ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ
দেশে ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩০০ শয্যা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও বিভিন্ন ওয়ার্ডের ব্যবস্থাপনায় পরিবর্তন এনে অতিরিক্ত রোগী রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে একটি মোবাইল হাসপাতালের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো সরকারি হাসপাতাল ডেঙ্গু রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। কোনো হাসপাতালে শয্যা না থাকলে নির্ধারিত অন্য হাসপাতালে রোগী পাঠানোর ব্যবস্থা করতে হবে। এসব শয্যাও পূর্ণ হয়ে গেলে আরও জায়গা প্রস্তুত করার নির্দেশনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালগুলো ডেঙ্গু রোগী ভর্তি করছে কি না, তা যাচাই করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হাসপাতাল রোগী নিতে অস্বীকৃতি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ঢামেক কর্তপক্ষ বলছে, প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার বৈঠক হওয়ার কথা ছিল।
সংশ্লিষ্টরা জানিয়েছে, ডেঙ্গু রোগীর চিকিৎসায় মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে শয্যা সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে রাজধানীর বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে বলা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি
মঙ্গলবার (৬ অক্টোবর) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ১ হাজার ৯৯৬ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৩৫৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে অক্টোবর মাসের প্রথম ছয় দিনেই ৩৬ জনের মৃত্যুর তথ্য জানিয়ছে স্বাস্থ্য অধিদফতর।
বিভি/টিটি













মন্তব্য করুন: