‘চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার’
দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার। এ অর্থ চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা সম্প্রসারণে ব্যয় করা হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ কনফারেন্স রুমে ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এসব কথা জানান। আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটাল (এনআইওঅ্যান্ডএইচ) যৌথভাবে এ সভার আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এ অর্থ বিনিয়োগ করা হবে। এর আওতায় দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং এক কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রায় দুই কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, স্কুলশিক্ষার্থীদেরও এ কর্মসূচির আওতায় আনা হবে। শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা প্রদানসহ অন্যান্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে চক্ষু স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএপিবির বাংলাদেশ চ্যাপ্টারের কান্ট্রি চেয়ার ও অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, ওএসবির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. জিন্নু রেইন (নিউটন) এবং প্রেসিডেন্ট ডা. মো. তৌহিদুর রহমান।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: