• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরও আধুনিকায়নের সিদ্ধান্ত

প্রকাশিত: ২২:৩৯, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরও আধুনিকায়নের সিদ্ধান্ত

জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন ও আধুনিকায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল বৃদ্ধি, ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের প্রস্তাব করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন এবং সেবা কার্যক্রমের পরামর্শ ও তদারকিসংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া ও সংসদ সদস্য ইকরামুল বারী টিপু অংশ নেন।

সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে অর্গানোগ্রাম সংশোধন করে চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। চিকিৎসাসেবার পরিসর বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়।

এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম আরও আধুনিক ও যুগোপযোগী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি ও আরপিজি সুবিধা চালু, আইসিইউ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স এবং প্যাথলজি মেশিনের আধুনিকায়ন।

এসব উদ্যোগ বাস্তবায়নে বিশেষ বরাদ্দের জন্য সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা রোগীদের সেবার মান নিশ্চিত করতে পার্শ্ববর্তী স্বনামধন্য হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব করা হয়।

সভায় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এফ অ্যান্ড পিআর) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: