• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৩৩ জন

প্রকাশিত: ১৭:৫৬, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৭, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৩৩ জন

প্রতিকী ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজারের বেশি ডেঙ্গু রোগী।

রবিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৩৩৩ জনের মধ্যে কতজন কোন বিভাগে আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৬১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৬৩ জন। 

ডেঙ্গু পরিস্থিতির এমন অবনতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বিস্তার রোধ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: