উদ্বেগ বাড়াচ্ছে হাম: প্রাণ গেল আরও ৫ শিশুর, একদিনে আক্রান্ত ১৪৪৪
দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। এর মধ্যে হাম উপসর্গে আক্রান্ত ১ হাজার ৩৫৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৮৭ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হলো।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: