হাম কেড়ে নিলো আরও ৪ শিশুর প্রাণ, একদিনে আক্রান্ত ১৬৮২
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৫০৯ শিশুর মধ্যে। এ সময়ে নতুন করে ১ হাজার ৪০৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৪৬৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৪৪২।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ রোগী। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
বিভি/ইউএনবি/পিএইচ













মন্তব্য করুন: