হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৩৪
ছবি: সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৪ জন।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৭৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫৮ জন।
এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ১৭৩ জনে। অন্যদিকে, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮৬ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি হয়েছে ১ হাজার ৩২৯ জনের। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২২৪ জন মারা গেছেন।
একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জন রোগী, যাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন।
বিভি/বিএস/এআই













মন্তব্য করুন: