হামের থাবায় শিশুরা, টিকা না নেওয়ায় আক্রান্ত বেশি
১১ মাস বয়সী শিশু মুবাশ্বিরা ও তার মা খাদিজা বেগম। ছবি: বাংলাভিশন
কয়েক দিন ধরে জ্বর। ওষুধ খেয়েও কমছে না। কখনো শরীরে ছোট ছোট দানা, সঙ্গে বমি ও পাতলা পায়খানা। প্রথমে সাধারণ জ্বর ভেবে বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে বাড়তে থাকে উপসর্গ। শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার পর জানা যায়, শিশুর শরীরে বাসা বেঁধেছে হাম ভাইরাস।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এমন অভিজ্ঞতা নিয়ে ভর্তি হচ্ছে একের পর এক শিশু। কারও বয়স পাঁচ বছর, কারও দশ। আবার কেউ মাত্র ১১ মাসের। আক্রান্তদের মধ্যে রয়েছে টিকা না পাওয়া শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। হাসপাতালের চিকিৎসকদের দেওয়া তথ্য বলছে, চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত হামের চিকিৎসা নিতে এসেছে চার হাজারের বেশি রোগী। প্রাণ হারিয়েছে ৬৪ জন।
তাদের মধ্যে পাঁচ বছর সাত মাস বয়সী শিশু ফাইজার জ্বর শুরু হয়েছিল কয়েক দিন আগে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও জ্বর না কমায় এক সপ্তাহ আগে মেয়েকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বাবা শরিফুল ইসলাম। দুই দফায় বহির্বিভাগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধও খাওয়ানো হয়। কিন্তু তাতেও জ্বরের তীব্রতা কমেনি। শেষ পর্যন্ত গত ১৬ নভেম্বর সন্ধ্যায় মেয়েকে নিয়ে আবারও হাসপাতালে ছুটে আসেন তিনি। এবার পরীক্ষা-নিরীক্ষা ও উপসর্গ দেখে চিকিৎসকেরা জানান, ফাইজা হামে আক্রান্ত। দ্রুত তাকে হাসপাতালের শিশুদের জন্য নির্ধারিত হাম ওয়ার্ডে ভর্তি করা হয়।

১০ বছর বয়সী শিশু স্মৃতি। সঙ্গে তার বড় বোন সুমাইয়া ও মা নাজমা বেগম। ছবি: বাংলাভিশন
তবে মেয়ের হামে আক্রান্ত হওয়ার খবর শুনে খুব বেশি বিচলিত হননি শরিফুল ও তার পরিবারের সদস্যরা। কারণ, গত মাসেই পরিবারের আরও দুই শিশু হামে আক্রান্ত হয়েছিল। হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছে। ফলে রোগটির উপসর্গ ও চিকিৎসা সম্পর্কে আগের অভিজ্ঞতা রয়েছে পরিবারটির।
ফাইজার পাশের শয্যায় চিকিৎসা নিচ্ছে ১০ বছর বয়সী স্মৃতি। নারায়ণগঞ্জ থেকে মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছেন তার মা নাজমা বেগম ও বড় বোন সুমাইয়া। তাদের ভাষ্য, প্রথমে জ্বর দেখা দিলে স্থানীয় দোকান থেকে নাপা কিনে খাওয়ানো হয় স্মৃতিকে। কিন্তু জ্বর না কমে বরং হাতের তালু, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট দানার মতো ফুসকুড়ি দেখা দিতে শুরু করে। এর সঙ্গে যোগ হয় পাতলা পায়খানা ও বমি।
জ্বর শুরুর চার দিন পর স্মৃতিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তারা। পরীক্ষা করে চিকিৎসকেরা হামের উপসর্গ শনাক্ত করেন এবং দ্রুত হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
একই ওয়ার্ডের আরেকটি কক্ষে দেখা যায়, মাত্র ১১ মাস বয়সী মুবাশ্বিরার কান্না থামানোর চেষ্টা করছেন মা খাদিজা বেগম। ছোট্ট শিশুটির অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

পাঁচ বছর সাত মাস বয়সী শিশু ফাইজা। সঙ্গে বাবা শরিফুল ইসলাম ও তার মা। ছবি: বাংলাভিশন
বাংলাভিশনকে খাদিজা বেগম জানান, নয় দিন আগে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লায় গিয়েছিলেন তিনি। সেখানে দুই দিন অবস্থানের পর ঢাকায় ফিরে আসেন। এরপরই জ্বরে আক্রান্ত হয় মুবাশ্বিরা। জ্বর শুরুর তিন দিন পর শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন।
পরিবারের অন্য কারও হাম না থাকলেও গ্রামের বাড়িতে যাতায়াতের সময় আক্রান্ত কারও সংস্পর্শে এসে মেয়েটি সংক্রমিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তার মা। তবে অসুস্থতার তীব্রতায় শিশুটির কান্না ও শারীরিক কষ্ট এখন সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে পরিবারটিকে।
শুধু এই তিন শিশুই নয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে আরও অনেক শিশু। হাসপাতালটির শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. লুৎফন নেসা বাংলাভিশনকে জানান, বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডের তিনটি কেবিনে ১৭ জন রোগী ভর্তি রয়েছে। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ছয়জন।

ছবি: অধ্যাপক ডা. লুৎফর নেসা, শিশু বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছে চার হাজার ২২৭ জন। আক্রান্তদের মধ্যে ১২ মাসের বেশি বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্ত শিশুদের মধ্যে ছেলেশিশুর সংখ্যাও বেশি। এ পর্যন্ত চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
টিকা না নেওয়া শিশুদের ঝুঁকি বেশি—
হাসপাতালের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত রোগীদের মধ্যে টিকা না নেওয়া শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। অধ্যাপক ডা. লুৎফন নেসা জানান, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয়, নিয়ম মেনে টিকা না নেওয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা, ভাইরাস সম্পর্কে সচেতনতার অভাবের কারণে অনেক শিশু প্রয়োজনীয় সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্ত রোগীদের মধ্যে তিন হাজার আটজন কোনো টিকা নেয়নি। এক ডোজ টিকা নিয়েছে ৮২২ জন এবং দুই ডোজ টিকা নিয়েছে ৫২৪ জন।
কীভাবে ছড়ায় হাম, কোন লক্ষণে সতর্ক হবেন?—
চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি ও শ্বাসতন্ত্রের নিঃসৃত ক্ষুদ্র কণার মাধ্যমে বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অন্যরাও সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকে।
বিশেষ করে যেসব শিশু হামের টিকা নেয়নি কিংবা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা, জনাকীর্ণ পরিবেশে বসবাস এবং আক্রান্ত শিশুর সংস্পর্শে আসাও সংক্রমণের ঝুঁকি বাড়ায়। অধ্যাপক ডা. লুৎফন নেসার ভাষ্য অনুযায়ী, গ্রামের তুলনায় শহরে বেশি শিশু আক্রান্ত হচ্ছে।
হামের লক্ষণ সম্পর্কে তিনি জানান, শুরুতে রোগটি সাধারণ জ্বরের মতো মনে হতে পারে। প্রথমে মাঝারি মাত্রার জ্বর দেখা দিলেও পরে তা তীব্র আকার ধারণ করতে পারে। এর সঙ্গে কাশি, গলাব্যথা, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দেয়। অনেক ক্ষেত্রে মুখে বা কানের পেছনে ছোট ছোট লাল দানা বা ফুসকুড়ি ওঠে, যা পরে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
হাম হলে কী করবেন, কখন হাসপাতালে নিতে হবে?
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা প্রসঙ্গে শিশু বিশেষজ্ঞ ডা. সালাহউদ্দিন মাহমুদ জানান, রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা দিতে হয়। জ্বর নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি ও তরল খাবার নিশ্চিত করতে হবে, যাতে শরীরে পানিশূন্যতা তৈরি না হয়।
শিশুর দ্রুত সুস্থতার জন্য পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার জরুরি। চোখ ও ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি জটিলতা কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন 'এ' সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে।
তবে শ্বাস নিতে কষ্ট হওয়া, অতিরিক্ত জ্বর, খাবার বা পানি খেতে না চাওয়া, খিঁচুনি কিংবা অচেতনতার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।
ফাইজা, স্মৃতি কিংবা মুবাশ্বিরার মতো শিশুদের ক্ষেত্রে শুরুতে সাধারণ জ্বর মনে হলেও পরবর্তী সময়ে দেখা দিচ্ছে হামের উপসর্গ। তাই শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করা এবং জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিভি/এমএ/পিএইচ













মন্তব্য করুন: