চট্টগ্রামে শুরু হলো হাম-রুবেলার ক্যাচআপ ক্যাম্পেইন
চট্টগ্রাম নগরীর কোনো শিশু যাতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নগরীর এনায়েত বাজারের তুলাতলিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, নগরীর প্রতিটি শিশু যাতে টিকার আওতায় আসে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করতে হবে।
চলমান ক্যাচআপ কার্যক্রমে ইতোমধ্যে প্রায় ৪০ হাজার ১৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত মূল টিকাদান কর্মসূচি ও ক্যাচআপ কার্যক্রম মিলিয়ে চট্টগ্রাম নগরীতে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়।
হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে সাতটি ইপিআই জোনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিভি/সিটিজি/পিএইচ













মন্তব্য করুন: