দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন
ছবি: সংগৃহীত
দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে পরিবর্তনের আভাস মিলছে। একসময় স্থানীয় কারখানাগুলোতে ফিচার ফোনের উৎপাদন বেশি থাকলেও সাম্প্রতিক সময়ে বাড়ছে স্মার্টফোনের অংশ। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই ছিল স্মার্টফোন। ফলে স্মার্টফোন ও ফিচার ফোনের উৎপাদনের ব্যবধানও নেমে এসেছে কাছাকাছি পর্যায়ে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত উৎপাদন পরিসংখ্যানে এ পরিবর্তনের চিত্র পাওয়া গেছে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের ৪৯ দশমিক ০৪ শতাংশ ছিল স্মার্টফোন। অথচ জুনে এ হার ছিল মাত্র ৩০ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে, ফিচার ফোনের উৎপাদনের অংশ জুনের ৬৯ দশমিক ২৯ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯৬ শতাংশে।
মাসভিত্তিক হিসাবেও স্মার্টফোনের উৎপাদনের অংশ বাড়ার প্রবণতা স্পষ্ট। জুলাইয়ে মোট উৎপাদনের ৩২ দশমিক ২১ শতাংশ ছিল স্মার্টফোন। আগস্টে তা বেড়ে হয় ৩৩ দশমিক ৮৩ শতাংশ। সেপ্টেম্বরে এক মাসের ব্যবধানে এই হার উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৪৯ শতাংশে পৌঁছায়। যদিও ওই মাসেও ফিচার ফোনের উৎপাদন সামান্য বেশি ছিল।
স্মার্টফোনের চাহিদা বৃদ্ধির পেছনে কিস্তিতে কেনার সুবিধাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ বলেন, কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকদের মধ্যে এ ধরনের ফোনের প্রতি আগ্রহ বাড়ছে। উৎপাদকদের দেওয়া এ সুবিধায় স্মার্টফোন কেনা আগের তুলনায় সহজ হয়েছে।
তিনি আরও বলেন, স্মার্টফোনের ব্যবহার বাড়াতে মোবাইল ফোন অপারেটরদের সমন্বিত অফার চালু করা প্রয়োজন। অপারেটররা এ ধরনের উদ্যোগ নিলে স্মার্টফোনের ব্যবহার আরও বাড়বে।
এদিকে দেশে ইন্টারনেট সংযোগের বিস্তারও মোবাইল ফোনের বাজারে পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করছে। বিটিআরসির হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮৮ লাখ ২০ হাজার। জানুয়ারিতে মোট সংযোগ ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে।
এই সময়ে সবচেয়ে বেশি বেড়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ। নতুন যুক্ত হয়েছে ৮০ লাখ ৪০ হাজার সংযোগ। ফলে সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে। অন্যদিকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সেবার আওতায় ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে ৭ লাখ ৮০ হাজার। সেপ্টেম্বরে এ সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজারে।
তবে ইন্টারনেট সংযোগ বাড়ার সঙ্গে স্মার্টফোন উৎপাদন বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে—বিটিআরসির পরিসংখ্যানে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
নেটওয়ার্ক প্রযুক্তির ভিত্তিতেও হ্যান্ডসেট উৎপাদনে পরিবর্তন দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে দেশের কারখানাগুলোতে ৭ লাখ ৯২ হাজার ৪জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। গত এপ্রিলের পর এক মাসে এটিই সর্বোচ্চ উৎপাদন। ওই মাসে ৪জি হ্যান্ডসেট উৎপাদিত হয়েছিল ১০ লাখ ২ হাজার ইউনিট। সেপ্টেম্বরে উৎপাদনের পরিমাণ জুলাইয়ের ৫ লাখ ৯৯ হাজার এবং আগস্টের ৭ লাখ ৩৫ হাজার ইউনিটকেও ছাড়িয়ে গেছে।
তবে উন্নত প্রযুক্তির ফোনের উৎপাদন বাড়লেও সামগ্রিক হিসাবে এখনো এগিয়ে রয়েছে ২জি হ্যান্ডসেট। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৯৩ লাখ ১৬ হাজার ২জি ফোন সংযোজন হয়েছে। একই সময়ে ৪জি হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে ৫৩ লাখ ৯৮ হাজার এবং ৫জি হ্যান্ডসেট মাত্র ৩ লাখ ৭৪ হাজার।
বিটিআরসির হিসাবে, চলতি বছরের প্রথম নয় মাসে দেশে সব মিলিয়ে ১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার হ্যান্ডসেট সংযোজন হয়েছে। তবে মাসভেদে উৎপাদনের পরিমাণে উল্লেখযোগ্য ওঠানামা ছিল। এপ্রিলে সর্বোচ্চ ২৭ লাখ ৫ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়। আগস্টে এ সংখ্যা ছিল ২২ লাখ ৬৬ হাজার এবং জুলাইয়ে ১৮ লাখ ৩৩ হাজার। সেপ্টেম্বরে উৎপাদন কমে দাঁড়ায় ১৬ লাখ ৪৫ হাজারে।
উৎপাদনের ধরনেও বছরের শুরু থেকে পরিবর্তন এসেছে। জানুয়ারিতে মোট হ্যান্ডসেটের ৫৬ দশমিক ৮৪ শতাংশ ছিল ফিচার ফোন। জুনে এ হার বেড়ে সর্বোচ্চ ৬৯ দশমিক ২৯ শতাংশে পৌঁছেছিল। তবে এরপর থেকে ফিচার ফোনের অংশ কমতে থাকে। সেপ্টেম্বরে তা নেমে আসে ৫০ দশমিক ৯৬ শতাংশে।
সব মিলিয়ে স্থানীয় মোবাইল ফোন শিল্পে স্মার্টফোনের উৎপাদন অংশ বাড়ার প্রবণতা স্পষ্ট হচ্ছে। যদিও সামগ্রিক উৎপাদনে এখনো ফিচার ফোনের অবস্থান সামান্য এগিয়ে, তবে দুই ধরনের হ্যান্ডসেটের ব্যবধান দ্রুত কমছে। এই পরিবর্তন দীর্ঘমেয়াদি প্রবণতায় রূপ নেয় কি না, তা বোঝা যাবে আগামী মাসগুলোর উৎপাদন পরিসংখ্যানে।
বিভি/এজেড













মন্তব্য করুন: