• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কৃত্রিম বৃষ্টির জন্য ৩০ লাখ ডলার বিনিয়োগ, ড্রোন ও প্রযুক্তিতে নজর আমিরাতের

প্রকাশিত: ১০:৫৯, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০৫, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কৃত্রিম বৃষ্টির জন্য ৩০ লাখ ডলার বিনিয়োগ, ড্রোন ও প্রযুক্তিতে নজর আমিরাতের

ছবি: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতে কৃত্রিম বৃষ্টিপাত বাড়াতে নতুন প্রযুক্তি নিয়ে গবেষণার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ জন্য ৩০ লাখ ডলারের একটি গবেষণা কর্মসূচি চালু করা হয়েছে। এতে স্বয়ংক্রিয় ড্রোন, নতুন ধরনের বৃষ্টিবর্ধক উপাদান এবং মেঘ সৃষ্টির পরিবেশকে প্রভাবিত করার প্রযুক্তি নিয়ে গবেষণার সুযোগ রাখা হয়েছে।

আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) পরিচালিত ‘ইউএই রিসার্চ প্রোগ্রাম ফর রেইন এনহ্যান্সমেন্ট সায়েন্স’-এর সপ্তম অর্থায়ন চক্রের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ পাঁচটি গবেষণা প্রকল্পে মোট ৩০ লাখ ডলার দেওয়া হবে। প্রতিটি প্রকল্পের মেয়াদ হবে এক থেকে তিন বছর।

আগের ছয়টি অর্থায়ন চক্রে ১৭টি গবেষণা প্রকল্পে সহায়তা দিয়েছে কর্মসূচিটি। তবে এবার প্রচলিত ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাতের পদ্ধতির বাইরেও নতুন প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্লাউড সিডিংয়ের ক্ষেত্রে সাধারণত বিশেষ উড়োজাহাজ থেকে উপযুক্ত মেঘের মধ্যে লবণের মতো আর্দ্রতাপ্রিয় উপাদানের কণা ছড়িয়ে দেওয়া হয়। এসব কণা মেঘের ক্ষুদ্র জলকণাগুলোকে একত্র হয়ে বড় ফোঁটায় পরিণত হতে সহায়তা করে। এর ফলে মাটিতে পৌঁছানো বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তবে এ প্রক্রিয়ার সাফল্য নির্ভর করে মেঘের ভেতরের আর্দ্রতা, তাপমাত্রা ও ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহের মতো বিভিন্ন বিষয়ের ওপর। কিছু মেঘ কৃত্রিমভাবে বৃষ্টিবর্ধক উপাদান ছড়ালে সাড়া দিতে পারে। আবার কিছু মেঘ এমনিতেই বৃষ্টিপাতের উপযোগী হয়ে উঠতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, নির্দিষ্ট ধরনের মেঘের ভেতরে বৃষ্টিবর্ধক উপাদান ছড়ালে জলকণার আকার ও বণ্টনে পরিবর্তন আসতে পারে—এমন বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। তবে এর ফলে প্রকৃতপক্ষে কতটা অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তা নির্ধারণ করা এখনো কঠিন। বিশেষ করে যেসব মেঘের আবহাওয়াগত বৈশিষ্ট্য দ্রুত পরিবর্তিত হয়, সেগুলোর ক্ষেত্রে এ হিসাব আরও জটিল।

আমিরাতের নতুন গবেষণা কর্মসূচির অন্যতম অগ্রাধিকার স্বয়ংক্রিয় উড়োজাহাজ বা ড্রোনের ব্যবহার। গবেষকদের এমন ড্রোন তৈরির প্রস্তাব দিতে উৎসাহিত করা হচ্ছে, যেগুলো উপযুক্ত মেঘ শনাক্ত করতে, বায়ুমণ্ডলের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এবং নির্দিষ্ট স্থানে বৃষ্টিবর্ধক উপাদান ছড়িয়ে দিতে পারবে। একাধিক চালকবিহীন উড়োজাহাজ সমন্বিতভাবে পরিচালনার বিষয়টিও গবেষণার আওতায় রয়েছে।

মেঘে ছড়িয়ে দেওয়া উপাদান নিয়েও নতুন গবেষণা হবে। বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের কণা কীভাবে আচরণ করে, সেগুলো কার্যকরভাবে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং গরম ও শুষ্ক পরিবেশে বৃষ্টিপাত বাড়াতে নতুন উপাদান কতটা কার্যকর হতে পারে, তা পরীক্ষা করবেন বিজ্ঞানীরা।

নতুন উপাদান ব্যবহারের আগে পরিবেশের ওপর সেগুলোর প্রভাব যাচাইয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বৃষ্টিপাতের জন্য সাধারণত অনুকূল নয়- এমন আবহাওয়াগত পরিস্থিতিতেও মেঘ তৈরির প্রক্রিয়াকে প্রভাবিত করা যায় কি না, তা নিয়ে গবেষণার সুযোগ রয়েছে।

এ ছাড়া নির্দিষ্ট এলাকার আবহাওয়ার ওপর ভূমির ব্যবহার, ভূপ্রকৃতি, বায়ুমণ্ডলের আর্দ্রতা ও স্থানীয় তাপমাত্রার প্রভাবও খতিয়ে দেখবেন গবেষকেরা।

আমিরাতের রেইন এনহ্যান্সমেন্ট সায়েন্স গবেষণা কর্মসূচির পরিচালক এবং এনসিএমের ভারপ্রাপ্ত ক্লাউড সিডিং অপারেশন প্রধান ড. আহমদ আল কামালি বলেন, নতুন অর্থায়ন চক্রে আগের গবেষণাগুলোর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন গবেষণায় সহায়তা দেওয়া, যা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খুঁজবে, উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরবে এবং বাস্তবে প্রয়োগের সুস্পষ্ট পথ দেখাবে।’

নতুন গবেষণা চক্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত কম্পিউটার মডেলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবহাওয়ার পূর্বাভাস উন্নত করা, বৃষ্টিপাতের জন্য উপযুক্ত পরিবেশ শনাক্ত করা এবং কৃত্রিম বৃষ্টিবর্ধক কার্যক্রমের কার্যকারিতা যাচাইয়ে এসব প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এর আগে মেঘের কোন ধরনের বৈশিষ্ট্য কৃত্রিম বৃষ্টিপাতের জন্য উপযোগী, তা শনাক্ত করতে এআই ব্যবহারের গবেষণায় সহায়তা দিয়েছে আমিরাত। ঝড়ের মেঘের ভেতরে থাকা কণাগুলোর বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে রাডার প্রযুক্তি নিয়েও কাজ করেছে দেশটি।

তবে কৃত্রিম বৃষ্টিপাতের কার্যকারিতা পরিমাপ করা এখনো বিজ্ঞানীদের অন্যতম বড় চ্যালেঞ্জ। কোনো মেঘে বৃষ্টিবর্ধক উপাদান ছড়িয়ে দেওয়ার পর বৃষ্টি হলেই যে ওই প্রক্রিয়ার কারণে বৃষ্টিপাত হয়েছে, তা নিশ্চিত করে বলা যায় না। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় মেঘের স্বাভাবিক বিকাশ এবং কৃত্রিমভাবে বৃষ্টিবর্ধক উপাদান ছড়ানোর প্রভাব আলাদা করে নির্ধারণ করা কঠিন।

এ সমস্যা মোকাবিলায় ডব্লিউএমও নিয়ন্ত্রিত বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর পরামর্শ দিয়েছে। এ ধরনের পরীক্ষায় যেসব মেঘে বৃষ্টিবর্ধক উপাদান ছড়ানো হয় এবং যেসব মেঘে ছড়ানো হয় না, সেগুলোর তুলনামূলক বিশ্লেষণ করতে হয়। পাশাপাশি বায়ুমণ্ডলের সরাসরি পরিমাপ, পরিসংখ্যানগত বিশ্লেষণ ও কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে ফলাফল যাচাইয়ের সুপারিশ করেছে সংস্থাটি।

ডব্লিউএমওর মূল্যায়নে বিভিন্ন ধরনের মেঘের মধ্যে পার্থক্যও তুলে ধরা হয়েছে। পার্বত্য অঞ্চলের নির্দিষ্ট ধরনের শীতল মেঘে বৃষ্টিপাত বাড়ানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। তবে জটিল পরিচলনশীল মেঘে কৃত্রিম বৃষ্টিপাতের কার্যকারিতা প্রমাণ করা এখনো কঠিন।

প্রাকৃতিক মিঠাপানির উৎস সীমিত হওয়ায় আমিরাতের জন্য কৃত্রিম বৃষ্টিপাতের নির্ভরযোগ্যতা বাড়ানো গুরুত্বপূর্ণ। সমুদ্রের পানি লবণমুক্ত করার প্রযুক্তি ও অন্যান্য প্রচলিত উৎসের পাশাপাশি এটি পানির একটি অতিরিক্ত উৎস হতে পারে। তবে নতুন প্রযুক্তির বাস্তব উপযোগিতা নির্ধারণে কতটা অতিরিক্ত পানি মাটিতে পৌঁছাচ্ছে, কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এবং কতটা ধারাবাহিকভাবে তা ঘটানো সম্ভব—এসব বিষয় যাচাই করা জরুরি।

গবেষণার সপ্তম অর্থায়ন চক্রে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। প্রাথমিক প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ১২ মার্চ। নির্বাচিত গবেষণা প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হবে ২০২৮ সালের জানুয়ারিতে।

নির্বাচিত গবেষক দলগুলো তাদের প্রস্তাবিত পদ্ধতি নিয়ে এক থেকে তিন বছর কাজ করার সুযোগ পাবে। এ ক্ষেত্রে পরিমাপযোগ্য ফলাফল অর্জন এবং ভবিষ্যতে বাস্তব কার্যক্রমে ব্যবহার করা সম্ভব- এমন প্রযুক্তি উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সূত্র: খালিজ টাইমস

বিভি/কেটি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত