হোয়াটসঅ্যাপে আসছে ‘ডুয়াল ক্যামেরা মোড’ ফিচার
হোয়াটসঅ্যাপের ভিডিও কলের অভিজ্ঞতা বদলে দিতে নতুন ফিচার আনছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। স্মার্টফোনের ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা একই সময়ে চালু রেখে ভিডিও রেকর্ড করার সুবিধা নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি।
নতুন এই প্রযুক্তির সাহায্যে কোনো ঘটনা বা দৃশ্যের ভিডিও করার পাশাপাশি নিজের মুখের অভিব্যক্তি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়াও একই ভিডিওতে তুলে ধরা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের এই সুবিধাটি বর্তমানে অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা চলছে। জানা গেছে, হোয়াটসঅ্যাপের ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণে কিছু ব্যবহারকারী ইতোমধ্যে ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন।
নতুন ব্যবস্থায় স্মার্টফোনের পেছনের ক্যামেরা দিয়ে সামনের পরিবেশ বা কোনো ঘটনা রেকর্ড করার সময় সামনের ক্যামেরাও সক্রিয় থাকবে। ফলে একই ভিডিওতে মূল দৃশ্যের পাশাপাশি ব্যবহারকারীর নিজের উপস্থিতিও দেখা যাবে।
নতুন এই ফিচার সাধারনত ভ্লগারদের অনেক উপকারে আসবে বলে মনে করছেন অনেকেই। কারণ একই সাথে দুই পাশের ক্যামেরা চালু থাকলে ভিউয়ার এনগেজম্যান্ট রেট আরো বাড়তে পারে।
ভিডিওর পর্দায় দুটি ক্যামেরার অবস্থানও নিজের মতো করে সাজানো যাবে। মূল ভিডিওটি পুরো স্ক্রিনজুড়ে প্রদর্শিত হবে। পাশাপাশি অন্য ক্যামেরায় ধারণ করা দৃশ্য ছোট একটি ভাসমান উইন্ডোতে দেখা যাবে। ব্যবহারকারী চাইলে ওই উইন্ডোটি পর্দার সুবিধাজনক স্থানে সরিয়ে নিতে পারবেন।
শুধু তাই নয়, ভিডিও রেকর্ডিং চলাকালে দুই ক্যামেরার প্রদর্শনের অবস্থান পরিবর্তনের ব্যবস্থাও রাখা হয়েছে। নির্দিষ্ট সুইচ অপশন ব্যবহার করে ছোট উইন্ডোর দৃশ্যকে মূল পর্দায় এবং বড় পর্দার দৃশ্যকে ছোট উইন্ডোতে নিয়ে আসা যাবে। তবে ক্যামেরার অবস্থান পরিবর্তন হলেও একই সময়ে দুটি ক্যামেরার রেকর্ডিং চলতে থাকবে।
ভিডিও ধারণ শেষ হলে সেটি শেয়ার করার ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের প্রচলিত সুবিধাগুলো ব্যবহার করা যাবে। ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে ছবি ও ভিডিও পাঠানোর সুযোগ থাকবে। শেয়ার করার আগে ক্যাপশন যুক্ত করা এবং প্রয়োজনীয় সম্পাদনাও করা যাবে।
তবে এখনই সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হচ্ছে না। আপাতত নির্দিষ্টসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা পরীক্ষকের মধ্যে এর কার্যকারিতা যাচাই করছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফিচারটি চালু হলে মোবাইল ভিডিও নির্মাণে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা, ভ্লগার, অনলাইন সংবাদ পরিবেশক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও নির্মাতারা এতে সুবিধা পাবেন। কারণ, কোনো দৃশ্যের বর্ণনা দেওয়ার সময় আলাদা করে নিজের প্রতিক্রিয়া ধারণ বা দুটি ভিডিও জোড়া লাগানোর প্রয়োজন অনেকটাই কমে আসবে।
বিভি/ এসআই













মন্তব্য করুন: