পাকিস্তানে বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার রাতে ডেরা ইসমাইল খান শহরের কুরেশি মোর এলাকার এক বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ডেরা ইসমাইল খান পুলিশ জানায়, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা। এতে নিহতদের মধ্যে শান্তি কমিটির এক নেতাও রয়েছেন। হামলাকারীরা বিস্ফোরণ ঘটানোর সময় বিয়ে বাড়িতে নাচ করছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে সাতটি অ্যাম্বুলেন্স, একটি ফ্রায়ার ব্রিগেড এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণে বাড়ির ছাদ ভেঙে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিভি/এসজি



মন্তব্য করুন: