• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ইসরাইলের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৯:৩৮, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ০৯:৩৮, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান, হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে বলেন, হামলা ও আগ্রাসনের মধ্যেই আলোচনায় বসা মানে ‘আত্মসমর্পণ’, যা হিজবুল্লাহ কখনোই করবে না। গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ প্রধানের এই কঠোর অবস্থানের পরপরই ইসরাইলের ভেতরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র সংগঠনটি। বৃহস্পতিবার ভোরে মধ্য ইসরাইলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু ও স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ওই অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যদিও ইসরাইলি গণমাধ্যমের দাবি, হিজবুল্লাহর ছোড়া অন্তত ছয়টি রকেট মধ্য ইসরাইলের দিকে ধেয়ে এলেও সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথেই প্রতিহত করা হয়েছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, গত বুধবার তারা ইসরাইলি বাহিনীর ওপর ৮০টিরও বেশি হামলা চালিয়েছে, যা চলমান সংঘাতে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড। এছাড়া ৯টি সীমান্ত শহরে ইসরাইলি সেনাদের ওপর সরাসরি আক্রমণের দাবিও করেছে গোষ্ঠীটি।

এছাড়াও, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে রকেট হামলায় তাদের একজন সেনা গুরুতর আহত হয়েছেন। এর আগে সংঘর্ষে তাদের একজন কর্মকর্তা সামান্য আহত হন।

লেবাননের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার একটি প্রস্তাব দেন। যুদ্ধ বন্ধে এটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হলেও হিজবুল্লাহ সেটি সরাসরি নাকচ করে দিয়েছে।

নাঈম কাসেমের মতে, ইসরাইল হামলা চালিয়ে যাওয়ার সময় আলোচনায় বসা মানে তাদের শর্ত মেনে নেওয়া। এ অবস্থান লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন আরও স্পষ্ট করে তুলেছে—যেখানে সরকারের একটি অংশ শান্তির পক্ষে, অন্যদিকে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল।

বর্তমানে লিতানি নদীর অববাহিকা ও সীমান্ত এলাকায় হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলা এবং আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনায় স্পষ্ট ইঙ্গিত মিলছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শিগগিরই থামার সম্ভাবনা কম।

এদিকে, ইসরাইলও লেবাননের ভেতরে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। হিজবুল্লাহর সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে, কারণ সীমান্ত এলাকায় আটকা পড়া হাজার হাজার বেসামরিক মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: