• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

এবার মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করলো ইরান

প্রকাশিত: ১৪:৩২, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
এবার মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করলো ইরান

ছবি: সংগৃহীত

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা এর প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি প্রত্যাখ্যান করেছে।

বুধবার (২৫ মার্চ) আইআরজিসি জানিয়েছে, তারা একটি মার্কিন এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমানের কাছে হঠাৎ বিস্ফোরণের ঝলক দেখা যায়। এরপর বিমানটি অস্থির হয়ে পড়ে এবং ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়।

এফ-১৮ যুদ্ধবিমানের আনুষ্ঠানিক নাম এফ/এ-১৮ হর্নেট বা সুপার হর্নেট। এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নে সক্ষম বহুমুখী যুদ্ধবিমান যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং প্রায়শই আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে, ‘ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।’ 

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক এফ-১৫ যুদ্ধবিমান ও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও স্বীকার করেনি ওয়াশিংটন। 

বিভি/এআই

মন্তব্য করুন: