• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

শান্তির সুযোগ নষ্ট হতে দেবেন না: ট্রাম্পকে এরদোয়ান

প্রকাশিত: ১৭:৩৩, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
শান্তির সুযোগ নষ্ট হতে দেবেন না: ট্রাম্পকে এরদোয়ান

ছবি: ফাইল ফটো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে নতুন শঙ্কার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধবিরতি নস্যাৎ করতে উস্কানি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো হতে পারে। বুধবার (৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান এই আশঙ্কার কথা তুলে ধরেন।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ফোনালাপে এরদোয়ান যুদ্ধবিরতির প্রক্রিয়াকে ‘অত্যন্ত সংবেদনশীল’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। দুই সপ্তাহের এই সময়কে কাজে লাগিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর ওপর জোর দেন তিনি।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এরদোয়ান আশা প্রকাশ করেন, কোনো ধরনের উস্কানি ছাড়াই যুদ্ধবিরতি বাস্তব মাঠপর্যায়ে কার্যকর থাকবে।

গত ৪০ দিনের তীব্র উত্তেজনা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতিকে বিশ্ববাসীর জন্য স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন এরদোয়ান। একই সঙ্গে তিনি ট্রাম্পকে জানান, বিশ্বজুড়ে যে অস্থিরতা ও দুর্ভোগ তৈরি হয়েছিল, তা প্রশমনে এই দুই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরদোয়ান আরও বলেন, শান্তি প্রক্রিয়াকে সফল করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

এদিকে যুদ্ধবিরতির পরপরই প্রতিবেশী দেশ হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসুগলু জানিয়েছেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বোঝাই তিনটি ট্রাক ইতোমধ্যে ইরানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র: সৌদি গেজেট

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত