মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত অন্তত ২
রাশিয়ার মস্কোয় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলার সময় ২৪৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ সময় কয়েকটি আবাসিক ভবনে আগুন লাগার পাশাপাশি একটি গুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রবিবার (২০ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ভোরোবিয়ভ জানান, সোফিনো এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
ওরেখোভো-জুয়েভো জেলায় একটি ব্যক্তিগত বাড়িতে ড্রোন আঘাত হানলে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলেও জানান আঞ্চলিক গভর্নর।
সামাজিক যোগাযোগমাধ্যমে মস্কো অঞ্চলের রাতের আকাশে বিস্ফোরণ এবং একটি গুদামে আগুন লাগার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, একটি ড্রোন শহরের একটি বুলেভার্ডের কাছে একটি ভবনে আঘাত হেনেছে। এ ছাড়া একটি তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, মস্কোর দিকে আসা ১৫২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ড্রোন হামলার কারণে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়। রাজধানীর ভনুকোভো বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের ওঠানামা বন্ধ রাখা হয়।
এদিকে শনিবার রাশিয়ার হামলায় ইউক্রেনের কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
কিয়েভ অঞ্চলের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, ফাস্তিভ শহরে রুশ হামলায় এক মা ও তার দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে—নিহত হয়েছে। এ হামলায় বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুমি অঞ্চলে রুশ একটি ড্রোনের আঘাতে একটি গাড়িতে থাকা চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় শীর্ষ কর্মকর্তা ওলেহ হ্রিহোরভ।
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই হামলা জোরদার করেছে। এসব হামলায় বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন অবকাঠামোর পাশাপাশি গুরুত্বপূর্ণ লজিস্টিকস কেন্দ্রগুলোও লক্ষ্যবস্তু হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র: বিবিসি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: