যুক্তরাষ্ট্র নতুন করে হামলার পরিকল্পনা করছে: ইরানের সেনাবাহিনী
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে ইরানের সেনাবাহিনী। আবার হামলা হলে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।
বিপ্লবী গার্ড এক বিবৃতিতে দাবি করেছে, ইউরোপের কোনো একটি দেশে গোপন বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। সেখানে আঞ্চলিক কিছু দেশের সবুজ সংকেতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সম্ভাব্য আগ্রাসনের জবাবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ফের কোনো হামলা চালায়, তবে কোনো ধরনের রাখঢাক ছাড়াই অত্যন্ত কঠোর ও সীমাহীন প্রতিশোধ নেওয়া হবে। শুধু তাই নয়, যেসব আঞ্চলিক দেশ এই মার্কিন হামলায় সমর্থন বা সহযোগিতা করবে, তাদেরও মার্কিন চক্রান্তের সহযোগী হিসেবে গণ্য করা হবে এবং তাদের জন্যও কোনো সংযম দেখাবে না আইআরজিসি।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বেশ কড়া সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে রয়েছেন এবং অদূর ভবিষ্যতে বড় কিছু ঘটতে যাচ্ছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি হুংকার দিয়ে বলেছেন, ইরানের সামনে এখন তিনটি বিকল্প খোলা রয়েছে— চুক্তি করা, নয়তো পুরো দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস হতে দেয়া অথবা সম্পূর্ণ ইরানকে ধ্বংস হতে দেখা।
বিভি/এআই













মন্তব্য করুন: