ফিলিস্তিনকে ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা কানাডার
ছবি: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
ফিলিস্তিনের জন্য নতুন করে ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। গাজায় মানবিক সংকট মোকাবিলার পাশাপাশি পশ্চিম তীরে নিরাপত্তা খাতের উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দেন। মোট অর্থের ৮০ মিলিয়ন ডলার ব্যয় হবে মানবিক সহায়তায়। বাকি অর্থ উন্নয়ন ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে দেওয়া হবে। এর মধ্যে পশ্চিম তীরে পুলিশ প্রশিক্ষণের একটি বহুবছর মেয়াদি প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থও রয়েছে।
কার্নি বলেন, এই সহায়তার অন্যতম লক্ষ্য হলো ফিলিস্তিন ও ইসরাইলকে নিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখা। গাজায় ফিলিস্তিনিরা ‘অপরিসীম মানবিক দুর্ভোগের’ মধ্যে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে হামাস ও ইরান এবং তাদের মিত্রদের কাছ থেকে ইসরাইলের অস্তিত্বগত হুমকির কথাও বলেন কানাডার প্রধানমন্ত্রী।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য কানাডার প্রতিশ্রুত সহায়তার পরিমাণ ৬০০ মিলিয়ন ডলারের বেশি।
এদিকে পশ্চিম তীরে ইসরাইলের প্রস্তাবিত E1 বসতি স্থাপনেরও সমালোচনা করেছেন কার্নি। তার মতে, এটি পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করতে পারে।
এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিলো কানাডা। সূত্র: সিবিসি নিউজ
বিভি/এমআর













মন্তব্য করুন: