• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক 

প্রকাশিত: ১২:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক 

ছবি: এনডিটিভি

ওমানের পূর্ব উপকূলে ভারতগামী একটি বাণিজ্যিক জাহাজে টর্পেডো হামলা হয়েছে। এতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এমভি কেপ দাও নামের জাহাজটিতে হামলার পর ১৯ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিহত নাবিকের নাম সুরজ যাদব। তিনি ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা এবং জাহাজে ‘ওয়াইপার’ হিসেবে কাজ করতেন। ভারতের দিকে যাওয়ার পথে ওমানের পূর্ব উপকূলে এমভি কেপ দাও নামের জাহাজটি হামলার শিকার হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে হামলার আমরা নিন্দা জানাই’। মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক ‘দুঃখজনকভাবে নিহত হয়েছেন’। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে থাকা ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস। এ কাজে সহযোগিতার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত।

এদিকে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা কমাতে আবারও সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে তারা।

সূত্র: এনডিটিভি  

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত