• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন সেনা গ্রেফতার, রাষ্ট্রদূতকেও তলব

প্রকাশিত: ২৩:১৪, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:১৫, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জাপানে নারী হত্যার অভিযোগে মার্কিন সেনা গ্রেফতার, রাষ্ট্রদূতকেও তলব

জাপানের ওকিনাওয়া দ্বীপে এক নারীকে ডাকাতি ও হত্যার অভিযোগে মার্কিন এক সেনা সদস্য গ্রেফতার হওয়ার পর দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। রবিবার (৪ অক্টোবর) জাপান সরকার জানায়, ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তদন্তে সর্বোচ্চ সহযোগিতা চাওয়া হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাস রবিবার তদন্তে ‘পূর্ণ সহযোগিতার’ আশ্বাস দিয়েছেন। মার্কিন মেরিন সেনার ল্যান্স-করপোরাল ডেভিন জ্যাকব ব্যালার্ডের বিরুদ্ধে ওকিনাওয়ার নাহা শহরে ৩৯ বছর বয়সী জাপানি নারী আনা ইয়াগিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই এলাকায় হাজারো মার্কিন সেনা সদস্য মোতায়েন রয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এ ধরনের অত্যন্ত নৃশংস ও জঘন্য ঘটনা গভীরভাবে দুঃখজনক।’ তিনি বলেন, জাপান সরকার যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তদন্তে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

জর্জ গ্লাসও সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত নারীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তদন্তে পূর্ণ সহযোগিতা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি জাপানকে নিশ্চিত করা হয়েছে। তবে ২০ বছর বয়সী মার্কিন মেরিন সদস্য ব্যালার্ড তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় জাপানি সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানিয়েছে, সিসিটিভি ফুটেজে নাহা শহরের একটি হোটেল কক্ষে এক জাপানি নারীর সঙ্গে একজন অ-জাপানি ব্যক্তিকে প্রবেশ করতে দেখা গেছে। পরে ওই ব্যক্তিকে একাই হোটেল থেকে বের হতে দেখা যায়। তার হাতে নারীর কিছু জিনিসপত্র ছিল বলে ফুটেজে ধারণা পাওয়া যায়।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে জড়িত এ ধরনের ঘটনা ও দুর্ঘটনা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করে এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই ঘটতে দেওয়া উচিত নয়। জাপানে বর্তমানে প্রায় ৫৪ হাজার মার্কিন সামরিক সদস্য রয়েছে। এর মধ্যে প্রায় ১৮ হাজার মেরিন সেনা। এসব সেনার বেশির ভাগই ওকিনাওয়ায় অবস্থান করছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ওকিনাওয়া দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে যায়। ১৯৭২ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ জাপানের কাছে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয় সংবাদপত্র ইয়োমিউরি শিমবুনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ হস্তান্তরের পর থেকে জাপানে প্রায় ৬ হাজার মার্কিন সামরিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন: