ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান
দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া ককোরোচ জনতা পার্টির (সিজিপি) শীর্ষ নেতাদের বিমানের ভেতর থেকে আটক করা হয়েছে। এ সময় ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা গেছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দক্ষিণ-পশ্চিম জেলা পুলিশের একটি দল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই অভিযান পরিচালনা করে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুম্বাই থেকে আসা বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর পরই সেখানে বিপুল সংখ্যক পুলিশকর্মী উপস্থিত হন। পুলিশ তাদের আটক করতে এগিয়ে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। সিজেপি নেতাদের বলতে শোনা যায়, ‘আসুন, গ্রেফতার করুন। আমরা তার জন্যই অপেক্ষা করছি।’ এর মধ্যেই বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয় এবং আশপাশের যাত্রীরা পুরো ঘটনার ভিডিও রেকর্ড করতে শুরু করেন। বিমানটি শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে অবতরণ করে।
দিল্লিতে নামলেই যে তাদের আটক করা হতে পারে, সে বিষয়ে আগে থেকেই আশঙ্কা করেছিলেন অভিজিৎ দীপকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শনিবার বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি।
শুক্রবার গভীর রাতে এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেছিলেন, বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করা হতে পারে। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমাকে আটক করা হলেও শনিবারের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করা যাবে না। আমরা গণতন্ত্র বাঁচাতে চাই। সরকার আমাদের বিরুদ্ধে এনএসএ (জাতীয় নিরাপত্তা আইন) বা ইউএপিএ (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) প্রয়োগ করতে পারে, তবুও আমি ভয় পাই না।’
বিভি/এসজি













মন্তব্য করুন: