• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এবার ফ্রান্সে বিক্ষোভরত শিক্ষার্থীদের পাশে গ্রেটা থুনবার্গ

প্রকাশিত: ১৭:০৬, ১৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:০৭, ১৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এবার ফ্রান্সে বিক্ষোভরত শিক্ষার্থীদের পাশে গ্রেটা থুনবার্গ

ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে যোগ দিয়েছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত পরিবেশ ও সুযোগ-সুবিধার দাবিতে দেশজুড়ে আরও বিক্ষোভের প্রস্তুতির মধ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) প্যারিসের উপকণ্ঠে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাঁ-দেনি এলাকার পল এলুয়ার হাইস্কুলে পৌঁছে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নেন গ্রেটা। এ সময় বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘তরুণদের আলোচনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের ভবিষ্যৎ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে।’

বিক্ষোভে অংশ নেওয়া কিশোর-কিশোরীদের সুরক্ষায় আইনজীবীদেরও এগিয়ে আসতে দেখা গেছে। পুলিশের বিরুদ্ধে একাধিকবার অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠার পর কালো গাউন পরা আইনজীবীরা মানববন্ধন করে শিক্ষার্থীদের সুরক্ষার চেষ্টা করেন।

গত মাসের শেষ দিকে শুরু হওয়া এ আন্দোলনে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা, শিক্ষকসংকট, অতিরিক্ত ক্লাসের চাপ এবং শিক্ষাব্যবস্থার অন্যান্য সমস্যার সমাধান দাবি করছেন। আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লার পাত্র জড়ো করে ও নিরাপত্তাবেষ্টনী তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বিক্ষোভকারীরা।

গত বৃহস্পতিবারের বড় বিক্ষোভে ৭০ হাজারের বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। মঙ্গলবারের কর্মসূচিতে শ্রমিক ইউনিয়ন এবং বামপন্থি বিরোধী দল ফ্রান্স আনবোডের সমর্থন রয়েছে। এদিন প্যারিসসহ বিভিন্ন শহরে মিছিল হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ল’ইউনিয়ন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘তারা আমাদের কথা শুনছে না, তাই এবার আমরা তাদের কাছে যাচ্ছি।’ ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে মঙ্গলবার সকালে ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, বিক্ষোভের কারণে প্রায় ২০০টি স্কুল বন্ধ রয়েছে, যা গত সপ্তাহের তুলনায় কম। তবে বিক্ষোভের রুটের কাছাকাছি কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে।

দেশটির জাতীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের বিক্ষোভে শিক্ষক-কর্মীদের আটজন আহত হয়েছেন। তাদের বেশির ভাগই প্যারিস অঞ্চল এবং বোর্দো ও লিয়ঁ শহরের।

সোমবার প্যারিসে এএফপিকে ১৯ বছর বয়সী গ্রাফিক ডিজাইনের শিক্ষার্থী লিও বলেন, ‘শিক্ষার্থীদের কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে না। কর্তৃপক্ষ ও নির্বাচিত প্রতিনিধিদের কাছে তাদের প্রস্তাবগুলোও যথাযথভাবে পৌঁছাচ্ছে না।’ তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের বড় একটি অংশ অপ্রাপ্তবয়স্ক। শিক্ষার্থীদের আন্দোলনে আগে কখনো দেখা যায়নি- এমন মাত্রার দমন-পীড়নের ঘটনায় তারা উদ্বিগ্ন।

মঙ্গলবার শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভের পর আগামী শনিবার জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে আরও বড় পরিসরে জনসমাবেশ হওয়ার কথা রয়েছে। সোমবার একটি গাড়ি প্রদর্শনীতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘এসব বিষয় নিয়ে সময় নিয়ে আলোচনা, পরামর্শ এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সমাধানের চেষ্টা করা প্রয়োজন।’

ফ্রান্সের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত ৬ হাজার ৮০০ জনের বেশি মানুষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক। এছাড়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে ২৪টি তদন্ত শুরু হয়েছে।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত