• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেশি শিক্ষার্থী টানতে খাবারে বিষ! চীনে নার্সারির মালিকের যাবজ্জীবন

প্রকাশিত: ২১:০০, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:০১, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বেশি শিক্ষার্থী টানতে খাবারে বিষ! চীনে নার্সারির মালিকের যাবজ্জীবন

ছবি: বিবিসি

চীনে খাবারে সিসা মিশিয়ে দুই শতাধিক শিশুকে বিষক্রিয়ায় আক্রান্ত করার ঘটনায় একটি নার্সারি স্কুলের মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় স্কুলটির পাঁচ কর্মীকেও কারাদণ্ড দেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির গানসু প্রদেশের তিয়ানশুই শহরে অবস্থিত হেশি পেইশিন কিন্ডারগার্টেনের মালিক লি হুইফাংকে বিষাক্ত ও ক্ষতিকর খাবার তৈরি এবং বিক্রির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২৫ সালের জুলাইয়ে ওই নার্সারির ২৪৭ জন শিশু ও কর্মীর রক্তে অস্বাভাবিক মাত্রায় সিসার উপস্থিতি পাওয়া যায়। এর আগে বেশ কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, আরও বেশি শিক্ষার্থী আকৃষ্ট করতে খাবারের চেহারা আকর্ষণীয় করে তুলতে নার্সারির রাঁধুনিরা খাবারে ব্যবহার করেছিলেন অখাদ্য রং। রংয়ের গায়ে স্পষ্টভাবে তা খাওয়ার অনুপযোগী বলে উল্লেখ থাকলেও তা ব্যবহার করা হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, লি হুইফাংকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁর ব্যক্তিগত সম্পদ থেকে পাঁচ লাখ ইউয়ান জব্দের নির্দেশ দিয়েছেন লানঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা।

নার্সারির নির্বাহী অধ্যক্ষ ঝি জিংলিনকে ১৫ বছরের কারাদণ্ড এবং তিন লাখ ইউয়ান জরিমানা করা হয়েছে। এ ছাড়া নার্সারির রান্নাঘরে কাজ করা আরও চার কর্মীকে ছয় থেকে আট বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত বলেছেন, লি ও ঝি-এর নির্দেশে ওই চার কর্মী শিশু ও কর্মীদের পরিবেশন করা খাবারে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান মিশিয়েছিলেন।

তদন্তে খাবারের নমুনা পরীক্ষা করে চীনের জাতীয় খাদ্যনিরাপত্তা মানদণ্ডের তুলনায় প্রায় দুই হাজার গুণ বেশি সিসার উপস্থিতি পাওয়া যায়।

হেশি পেইশিন নার্সারির ২৩৫ জন শিশু খাওয়ার পর সিসাজনিত বিষক্রিয়ায় আক্রান্ত হলে তদন্ত শুরু হয়। তারা মূলত ভাপে তৈরি লাল খেজুরের কেক এবং সসেজ ও ভুট্টা দিয়ে তৈরি বান খেয়েছিল।

তদন্তকারীরা জানান, লাল খেজুরের কেকে প্রতি কেজিতে ১ হাজার ৫২ মিলিগ্রাম এবং ভুট্টা-সসেজের বানে প্রতি কেজিতে ১ হাজার ৩৪০ মিলিগ্রাম সিসা পাওয়া যায়। অথচ চীনের জাতীয় খাদ্যনিরাপত্তা মানদণ্ড অনুযায়ী, এ ধরনের খাবারে সিসার সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা প্রতি কেজিতে ০.৫ মিলিগ্রাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, সিসার বিষক্রিয়া ছোট শিশুদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। এটি মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গুরুতর ক্ষতি করতে পারে।

তদন্তে পরে জানা যায়, প্রাদেশিক পর্যায়ের কয়েক ডজন কর্মকর্তা ও হাসপাতালের কর্মী রক্ত পরীক্ষার ফল পরিবর্তন এবং নার্সারির এক বিনিয়োগকারীর কাছ থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।

এ ঘটনার পর চীনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খাবার সরবরাহের বিষয়ে জাতীয় নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নতুন নির্দেশিকায় প্রতিবার সরবরাহ করা খাবারের নতুন চালান পরীক্ষা করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি ময়দা, চাল ও রান্নার তেল কেবল কেন্দ্রীয়ভাবে নির্ধারিত ক্রয়কেন্দ্র থেকে কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত