ক্ষমতা ধরে রাখতে কড়া বার্তা দিলেন মিসরের প্রেসিডেন্ট সিসি!
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ২০৩০ সালেই তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে। ক্ষমতা ছাড়ার বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত এবং এ নিয়ে আর কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মিসরের সংবিধানে কোনো সংশোধনী আনা হবে না বলে পুনর্ব্যক্ত করেছেন সিসি।
শনিবার (১৭ অক্টোবর) মিসরের সামরিক একাডেমিতে নতুন ক্যাডেটদের স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
সিসি বলেন, “আমি বলেছি, মিসরের সংবিধানে কোনো পরিবর্তন আনা হবে না। বিষয়টি পুরোপুরি চূড়ান্ত এবং এ নিয়ে আর আলোচনা হবে না।” নিজের বর্তমান মেয়াদের সমাপ্তি প্রসঙ্গেই তিনি এ মন্তব্য করেন।
৭১ বছর বয়সী সিসি ২০২৩ সালের ডিসেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার পর ছয় বছরের মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে গণভোটের মাধ্যমে অনুমোদিত সাংবিধানিক সংশোধনীর ফলে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়। একই সঙ্গে সিসিকে তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর ফলে ২০৩০ সাল পর্যন্ত তাঁর ক্ষমতায় থাকার পথ তৈরি হয়।
সাবেক সেনা কর্মকর্তা সিসি ২০১৩ সালে ক্ষমতায় আসেন। সে সময় ব্যাপক বিক্ষোভের মুখে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: