• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ জন অর্থোডক্স খ্রিষ্টান নাগরিক নিহত

প্রকাশিত: ১৫:২৬, ২৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৩১, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ইথিওপিয়ায় পৃথক হামলায় ৬০ জন অর্থোডক্স খ্রিষ্টান নাগরিক নিহত

ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে পৃথক দুটি হামলায় অন্তত ৬০ জন অর্থোডক্স খ্রিষ্টান নিহত হয়েছেন। গত ২০ ও ২৪ অক্টোবর এসব হামলার ঘটনা ঘটে। এতে ২০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন এবং পুড়িয়ে দেওয়া হয়েছে ২০টি বাড়ি। দেশটির ইথিওপিয়ান অর্থোডক্স তেওয়াহেদো চার্চের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে চার্চের পবিত্র সিনড এসব হত্যাকাণ্ডকে ‘নাগরিকদের ওপর চরম নিষ্ঠুরতা ও দুর্ভোগ চাপিয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনা’ হিসেবে বর্ণনা করে।

বিবৃতিতে বলা হয়, গত ২০ অক্টোবর মার্তি জেলার আঙ্গাদা কেবেলের গোর সিলিঙ্গো এলাকায় হামলায় ১৪ জন নিহত হন। এর চার দিন পর, ২৪ অক্টোবর শিরকা জেলার তেরেতা, চোলে ও বিরবো গ্রামে পৃথক হামলায় আরও ৪৬ জন নিহত হন। দুটি জেলাই মধ্য ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলের আরসি জোনে অবস্থিত।

এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে চার্চের পবিত্র সিনড বলেছে, হামলাগুলো মানুষের জীবন ও ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করেছে। একই সঙ্গে বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে ইথিওপিয়ার দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে হুমকির মুখে ফেলেছে।

হামলার নিন্দা জানাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চার্চ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ নিতে নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ওরোমিয়া আঞ্চলিক সরকার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার করেনি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় এক কর্মকর্তা হামলার জন্য ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ)-সহ কয়েকটি গোষ্ঠী নিয়ে গঠিত একটি নতুন বিদ্রোহী জোটকে দায়ী করেছেন। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ আগেও অস্বীকার করেছে ওএলএ।

ইথিওপিয়ার বৃহত্তম আঞ্চলিক রাজ্য ওরোমিয়ায় দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রায় চার কোটি মানুষের বসবাস এই অঞ্চলে বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ চলছে।

গত জুলাইয়ে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ সাল থেকে চলতি বছরের ১ জুন পর্যন্ত পূর্ব আরসি অঞ্চলে লক্ষ্যবস্তু করে চালানো হামলায় অন্তত ৪৩২ জন বেসামরিক নাগরিক ও স্থানীয় মিলিশিয়ার চার সদস্য নিহত হয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে চার্চের পবিত্র সিনড। নিহত ব্যক্তিদের স্মরণে সোমবার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি বিশ্বজুড়ে অর্থোডক্স চার্চ ও মঠগুলোকে মঙ্গলবার ধর্মীয় উপাসনা শেষে একই ধরনের প্রার্থনা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চার্চ বলেছে, অনুসারীরা যেন ভয় ছাড়াই বসবাস ও ধর্মীয় উপাসনা করতে পারেন, তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত