• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

‘আশিতা নো জো’র স্রষ্টা তেৎসুয়া চিবা আর নেই!

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
‘আশিতা নো জো’র স্রষ্টা তেৎসুয়া চিবা আর নেই!

ছবি: তেৎসুয়া চিবা (বায়ে) ও ‘আশিতা নো জো’

একটি কালজয়ী বক্সিং মাঙ্গার মাধ্যমে জাপানের যুদ্ধ-পরবর্তী সমাজের দারিদ্র্য, হতাশা ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা কিংবদন্তি শিল্পী তেৎসুয়া চিবা আর নেই। ‘আশিতা নো জো’ সিরিজের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই জাপানি মাঙ্গা শিল্পী মারা গেছেন ৮৭ বছর বয়সে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এর আগে ২২ অক্টোবর টোকিওর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। জাপানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।

১৯৬০-এর দশকের শেষভাগ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত প্রকাশিত ‘আশিতা নো জো’ সিরিজের গল্পের কেন্দ্রে ছিলো এক সমস্যাগ্রস্ত তরুণ, যে কিশোর সংশোধনাগারে বক্সিং শেখার পর পেশাদার বক্সার হয়ে ওঠে। প্রতিকূলতা পেরিয়ে নিজের অবস্থান তৈরির এই গল্প জাপানের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

সিরিজটির প্রভাব কতোটা গভীর ছিলো, তার একটি নজির তৈরি হয় গল্পের প্রতিদ্বন্দ্বী চরিত্র রিকিশির মৃত্যুর পর। কাল্পনিক চরিত্রটির জন্য বাস্তবেই শেষকৃত্যের আয়োজন করেন ভক্তরা। পরে সিরিজটি থেকে অ্যানিমে, চলচ্চিত্র, ভিডিও গেম ও মঞ্চনাটক তৈরি হয়।

চিবার কাজের পরিধি শুধু বক্সিংয়ে সীমাবদ্ধ ছিলো না। গলফ ও জাপানি মার্শাল আর্ট কেন্দোসহ বিভিন্ন খেলাকে ঘিরে তার গল্পে উঠে এসেছে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ। সাত দশকের কর্মজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং জাপান কার্টুনিস্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন।

২০২৪ সালে তিনি জাপানের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব কালচার’ সম্মাননা পান। মাঙ্গা শিল্পীদের জন্য এটি ছিল বিশেষ স্বীকৃতি। এ ছাড়া নবীন শিল্পীদের পেশাদার জগতে এগিয়ে নিতে তার নামে ‘তেৎসুয়া চিবা পুরস্কার’ চালু রয়েছে।

যুদ্ধের সময় চীনে কাটানো শৈশব এবং যুদ্ধের পর জাপানে ফিরে আসার অভিজ্ঞতাও তার জীবন ও সৃষ্টিতে প্রভাব ফেলেছিল। তার মৃত্যুতে জাপানের মাঙ্গা জগতে একটি দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের অবসান হলো। সূত্র: এএফপি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত