• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইউক্রেনে ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত ২৪

প্রকাশিত: ০১:৩২, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইউক্রেনে ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা, নিহত ২৪

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। হামলাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আঞ্চলিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন জানান, সোমবার (২ নভেম্বর) জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে অন্তত ৯টি আকাশ থেকে নিক্ষেপ করা বোমা আঘাত হানে। প্রতিটি বোমার ওজন ছিল ৩ হাজার কেজি। হামলার পর প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।

জেলেনস্কি জানান, স্থানীয় একটি স্কুলে প্রথম হামলা চালানো হয়। স্কুলটি মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছিল। এরপর সেখানে আশ্রয় নেওয়া মানুষের অবস্থান লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার পরের একটি ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। এতে বিশাল গর্ত এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন জেলেনস্কি। পরে ইউক্রেনের জরুরি পরিস্থিতি মোকাবিলা সংস্থা ডিএসএনএস জানায়, নিহতের সংখ্যা বেড়ে ২৪ হয়েছে। নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন।

জেলেনস্কি বলেন, কোমিশুভাখায় অবস্থানরত স্থানীয় বাসিন্দারা প্রতি সপ্তাহেই ওই কেন্দ্রে মানবিক সহায়তা পেতেন। রাশিয়ার এ বিষয়ে অজ্ঞাত থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এ হামলা প্রমাণ করে যে রাশিয়া উত্তেজনা কমাতে আগ্রহী নয়। সম্প্রতি রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়া ও ইউক্রেনের যৌথ অভিযান সফল হয়েছিল। ওই ঘটনার পর শান্তির সম্ভাবনা তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

জেলেনস্কির ভাষ্য, এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে রাশিয়া শান্তির পরিবর্তে আরও প্রাণহানির বার্তা দিচ্ছে।

এদিকে সেমিকিন এ হামলাকে গ্রামের জন্য ‘ভয়াবহ বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা অভিযান চালালেও আশপাশে রাশিয়ার ড্রোন হামলার কারণে কয়েক দফায় কাজ বন্ধ রাখতে হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত