• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ফ্রান্সে আবারও স্কুল অবরোধ, দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি

প্রকাশিত: ০১:৩৫, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফ্রান্সে আবারও স্কুল অবরোধ, দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি

ছবি: গার্ডিয়ান

স্কুলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকসংকট দূর করা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সে আবারও বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (২ নভেম্বর) দেশটির কয়েক ডজন উচ্চবিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে তারা। এদিকে, বৃহস্পতিবার দেশজুড়ে বড় ধরনের ধর্মঘট ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে শ্রমিক সংগঠনগুলো।

দুই সপ্তাহের ছুটি শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরলেও প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর অবরোধ বন্ধের আহ্বান উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের সংগঠনগুলো। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আন্দোলন ম্যাখোঁর প্রেসিডেন্সির অন্যতম বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে।

সোমবার সকাল থেকেই রাজধানী প্যারিস ও এর আশপাশের এলাকা ছাড়াও লিল, তুলুজ ও মার্সেই শহরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রবেশপথে আবর্জনা রাখার বড় পাত্র দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। শ্রেণিকক্ষে বিকল্প শিক্ষক নিয়োগ এবং জরাজীর্ণ ভবন সংস্কারের দাবি জানায় তারা। কয়েকটি বিদ্যালয়ের সামনে পুলিশ এসব প্রতিবন্ধকতা সরানোর চেষ্টা করে এবং কয়েকজনকে আটক করে।

শিক্ষার্থীদের সংগঠন রেনুভো লিসেয়াঁর সদস্য নাথানায়েল কম্বারি বলেন, আরও অর্থ বরাদ্দ, উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ বৃদ্ধি এবং জরাজীর্ণ বিদ্যালয় সংস্কারের দাবিতে সরকারের সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে হবে।

তিনি জানান, গত সপ্তাহে সরকার শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপ্রক্রিয়া পর্যালোচনার যে উদ্যোগ নিয়েছে, তা যথেষ্ট নয়। সরকারের দৃষ্টি আকর্ষণে আন্দোলন ছাড়া শিক্ষার্থীদের হাতে কার্যকর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, কয়েক সপ্তাহ ধরে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ ও চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ ঝুঁকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে।

তিনি বলেন, বছরের শেষে ফরাসি মাধ্যমিক শিক্ষার চূড়ান্ত পরীক্ষা ‘ব্যাকালরেয়া’য় অংশ নেওয়ার কথা রয়েছে—এমন অনেক শিক্ষার্থী চার থেকে পাঁচ সপ্তাহ ধরে ক্লাস করতে পারেনি। এতে তাদের পাঠ্যক্রম শেষ করা ও পরীক্ষার প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে।

শিক্ষামন্ত্রী বিদ্যালয় অবরোধকে ‘অবৈধ’ উল্লেখ করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনাকে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন।

এদিকে, মঙ্গলবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদে অবরোধের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠনগুলো। বৃহস্পতিবার বড় ধরনের ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। এতে রেলকর্মী, শিক্ষক ও বেসরকারি খাতের কর্মীরা অংশ নিতে পারেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কম বেতনের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানাতে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে তাদের।

সূত্র: গার্ডিয়ান

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত