অর্থাভাবে যাত্রীদের নামিয়ে দিলো ‘দ্য ওডিসি’, অতঃপর যা ঘটলো...
ছবি: বিবিসি/গেটি ইমেজ
বিশ্বভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করা একটি বিলাসবহুল প্রমোদতরি অর্থসংকটে পড়ে মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর সিঙ্গাপুরে জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেন্সেস অর্থসংকটের কারণে কার্যক্রম স্থগিত করায় জাহাজটির প্রায় ২০০ যাত্রীকে গত মাসে কম্বোডিয়ার সিহানুকভিল বন্দর শহরে নামিয়ে দেওয়া হয়।
সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দ্য ওডিসি’ নামের জাহাজটি বর্তমানে সিঙ্গাপুর বন্দরের জলসীমায় নোঙর করা রয়েছে। আদালতের আদেশের ভিত্তিতে এটি জব্দ করা হয়েছে। জাহাজে থাকা নাবিক ও কর্মীরা সুস্থ আছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, জাহাজে থাকা কর্মীদের কল্যাণ ও প্রয়োজনীয় দেখভালের বিষয়টি ঋণদাতারা তদারক করছেন। সিঙ্গাপুরের আইনজীবী প্রতিষ্ঠান হেলসম্যান এলএলসিকে জাহাজ জব্দের আইনি প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটি কোন পক্ষের হয়ে কাজ করছে, তা স্পষ্ট নয়।
২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করেছিল দ্য ওডিসি। পরিকল্পনা অনুযায়ী, সাড়ে তিন বছর ধরে ১৫০টি দেশ ঘুরে বেড়ানোর কথা ছিল জাহাজটির। যাত্রীদের জন্য কেবিন কেনার পাশাপাশি পাঁচ বছরের আবাসিক সুবিধা নেওয়া কিংবা কয়েক দিনের জন্য কেবিন ভাড়া করার সুযোগও ছিল।
জাহাজটির ওয়েবসাইট অনুযায়ী, স্থায়ীভাবে কেবিনের মালিকানা পেতে খরচ ছিল ১ লাখ ২০ হাজার থেকে ৪ লাখ ৪০ হাজার ডলার। আর মাসিক ভাড়া ছিল ৩ হাজার ৫০০ ডলার থেকে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মিকায়েল পেটারসন এর আগে বলেছিলেন, ‘একটি গাড়ির দামের কাছাকাছি খরচে এমন একটি জাহাজে নিজের বাড়ির মালিক হওয়া সম্ভব, যা সারা বিশ্ব ঘুরে বেড়াবে।’
তবে শুরু থেকেই নানা সমস্যায় পড়ে প্রমোদতরিটির যাত্রা। মেরামত ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় চার মাস পিছিয়ে যায় যাত্রা শুরুর সময়। ভিয়েতনামে অবস্থানের সময় সরবরাহকারীর পাওনা পরিশোধ না করায় জাহাজের কর্মীদের স্থানীয় দোকান থেকে খাবার কিনতে হয়েছিল বলে জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, গত আগস্টে জাহাজটি সিঙ্গাপুরে অবস্থানকালে পরিচালনাকারী প্রতিষ্ঠান যাত্রীদের আর্থিক সংকটের কথা জানায়। প্রমোদতরিটির যাত্রা চালু রাখতে যাত্রীদের কাছ থেকেই অর্থ সংগ্রহ করতে হয়েছিল। তখন জাহাজটি জব্দ হওয়ার ঝুঁকির কথাও জানানো হয়েছিল।
জাহাজটির যাত্রী হলি হেনেসি এর আগে বিবিসিকে জানিয়েছিলেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যাত্রীদের অতিরিক্ত জ্বালানি খরচ দেওয়ার কথা বিবেচনা করতে বলা হয়েছিল। একই সঙ্গে ভ্রমণসূচিও ব্যাপকভাবে সংক্ষিপ্ত করা হয়।
ভিলা ভি রেসিডেন্সেস গত ২৭ অক্টোবর এক বিবৃতিতে জানায়, ইরান যুদ্ধের কারণে চলতি বছরের শুরুর দিকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এশিয়ার কিছু এলাকায় প্রতি কেবিনের মাসিক জ্বালানি ব্যয় ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৮ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছিল। জ্বালানি খরচ কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হলেও অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির চাপ সামাল দেওয়া সম্ভব হয়নি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, কম্বোডিয়ায় যাত্রীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা খুঁজে বের করতে তাদের সঙ্গে কাজ করছে তারা।
কম্বোডিয়ায় হঠাৎ যাত্রা বন্ধ হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর চলতি মাসের শুরুতে আবার সিঙ্গাপুরে পৌঁছায় দ্য ওডিসি। এরপর আদালতের আদেশে জাহাজটি জব্দ করা হলো।
সূত্র: বিবিসি
বিভি/বিবিসি/পিএইচ













মন্তব্য করুন: