• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করলো ফ্রান্স!

প্রকাশিত: ১১:০১, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুপারশপের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করলো ফ্রান্স!

ফ্রান্সের সুপারমার্কেটগুলোর ফ্রিজ ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে দেশটির সরকার। এসব হামলায় ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় কোটি কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। কোথাও কোথাও অতিরিক্ত তাপমাত্রার কারণে অগ্নিকাণ্ড ও যন্ত্রপাতির ক্ষতিও হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ফরাসি কর্তৃপক্ষ জানায়, গত ১১ ও ১২ অক্টোবর দেশটির বিভিন্ন সুপারমার্কেটে চালানো এসব সাইবার হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হামলার পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে সাইবার হামলাটি চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। হামলাটি ছিল আগ্রাসনের দিক থেকে নজিরবিহীন।

বারো আরও বলেন, ফরাসি ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো এটিই প্রথম বড় ধরনের সাইবার হামলা। এটি দেশের স্বার্থ এবং ফরাসি জনগণের নিরাপত্তার ওপর বড় আঘাত। তাই এর জবাব দেওয়া হবে।

তিনি বলেন, এই হামলার জবাব দিতে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করতে প্রয়োজনীয় ও আনুপাতিক সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এসব পদক্ষেপ প্রকাশ্য কিংবা গোপন—দুই ধরনেরই হতে পারে।

প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট আক্রমণাত্মক সাইবার ইউনিট ‘শহিদ কাভেহ’-এর প্রধান এবং তাঁর দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, হামলাকারীরা ফারসি ভাষা ব্যবহার করেছে এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আইপি ঠিকানা থেকে হামলা পরিচালনা করেছে। তারা সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করে দূর থেকে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যায়। বিশেষ করে রাতের বেলায় এভাবে তাপমাত্রা বাড়ানো হয়।

ফরাসি খুচরা বিক্রেতাদের দাবি, এসব হামলায় কয়েক মিলিয়ন ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ই-লেক্লার্ক, ইন্টারমার্শে, ক্যারেফোর, মনোপ্রি ও কো-অপারেটিভ ইউ।

ইন্টারমার্শের অন্তত ৩০০টি স্টোর ও তাদের নেট্টো ব্র্যান্ডের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কো-অপারেটিভ ইউ জানিয়েছে, তাদের ১০০টির বেশি সুপারমার্কেট হামলার শিকার হয়েছে। ক্যারেফোরের ৮০টি সুপারমার্কেট এবং মনোপ্রির প্রায় ৪৯০টি স্টোরের মধ্যে ৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গত ২ নভেম্বর ইউরোপের আরও কয়েকটি দেশে একই ধরনের রেফ্রিজারেশন সমস্যার খবর পাওয়া যায়। বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও সুইডেনের বিভিন্ন স্থানে রাতের বেলায় ফ্রিজের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে কয়েক ডজন স্টোর ও একটি খাদ্য বিতরণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

গ্লোবাল সাইবার রিস্ক এলএলসির প্রধান নির্বাহী জোডি ওয়েস্টবি বলেন, আন্তর্জাতিক সাইবার অপরাধ তদন্তে দেশগুলোর মধ্যে সহযোগিতার ঘাটতি থাকায় সরাসরি হামলাকারী গোষ্ঠীকে শনাক্ত করা অত্যন্ত কঠিন।

আলজাজিরাকে তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে এ সমস্যা চলছে। পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা যথেষ্ট নয়। প্যাকেট সুইচিং প্রযুক্তির কারণে হামলার উৎস শনাক্ত করাও কঠিন। এ পদ্ধতিতে হ্যাকাররা বিশ্বের বিভিন্ন স্থানের সার্ভার ও নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের যোগাযোগ পরিচালনা করে।

ওয়েস্টবির মতে, রাশিয়া, ইরান, চীন ও উত্তর কোরিয়া বর্তমানে এ ধরনের সাইবার হামলার প্রধান সন্দেহভাজনদের মধ্যে রয়েছে।

সূত্র: আলজাজিরা

বিভি/আলজাজিরা/পিএইচ

মন্তব্য করুন: