ভারতে আইফোনের যন্ত্রাংশ তৈরির কারখানায় দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু
ছবি: রয়টার্স
ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় দুর্ঘটনায় তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে কারখানাটিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিষাক্ত গ্যাসে শ্বাস নেওয়ার কারণে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। অ্যাপল ও টাটাও পৃথকভাবে ঘটনাটি তদন্ত করবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর হোসুর এলাকায় অবস্থিত কারখানাটির বর্জ্য পরিশোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। জেলা কর্মকর্তা দীনেশ কুমার জানান, পরিশোধনাগারের একটি বহির্ভাগে থাকা ন্যানো-ফিল্ট্রেশন ট্যাংক পরিদর্শনের সময় গ্যাসের সংস্পর্শে আসেন তারা। এতে শ্বাসকষ্টের কারণে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, কারখানাটির বর্জ্য পরিশোধনাগার পরিচালনার দায়িত্বে ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ইকোল্যাবের সহযোগী প্রতিষ্ঠান নালকো ওয়াটার। এ ঘটনায় টাটা ইলেকট্রনিকস, অ্যাপল ও নালকো ওয়াটারের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই এ বিষয়ে সাড়া দেয়নি।
তামিলনাড়ু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে ফক্সকন, হুন্দাই, ভিনফাস্ট ও বিএমডব্লিউর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। রাজ্যটির শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, শ্রমিকদের মৃত্যুর ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উপলক্ষে চলতি সপ্তাহে কারখানাটি বন্ধ থাকায় উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। টাটা ও অ্যাপল উভয় প্রতিষ্ঠানই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে।
হোসুরে টাটার এই কারখানাটি গত কয়েক বছরে একাধিক সমস্যার মুখে পড়েছে। ২০২৪ সালে কারখানাটির যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ বছর ভূগর্ভস্থ পানিদূষণের অভিযোগে রাজ্য কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। পরে অবশ্য সেই উদ্যোগ থেকে সরে আসে তারা।
এ ছাড়া একই কম্পাউন্ডে অবস্থিত আইফোনের আরেকটি কারখানায় র্যানসমওয়্যার হামলার ঘটনা ঘটেছিল। রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়, ওই সাইবার হামলায় অ্যাপলের তখনো বাজারে না আসা আইফোন ১৮ প্রোর নকশা ও সংশ্লিষ্ট গোপন নথি ফাঁস হয়ে যায়।
এদিকে চীনের বাইরে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ভারতে আইফোন উৎপাদন বাড়িয়েছে অ্যাপল। বর্তমানে বিশ্বের মোট আইফোনের প্রায় ২৫ শতাংশ ভারতে তৈরি হয়। দেশটিতে আইফোন সংযোজনের প্রায় ৪০ শতাংশের দায়িত্বে রয়েছে টাটা গ্রুপের ইলেকট্রনিকস বিভাগ। বাকি অংশ তৈরি করে ফক্সকন।
তবে সাম্প্রতিক সময়ে টাটার আইফোন উৎপাদন কার্যক্রমে র্যানসমওয়্যার হামলা ও পরিবেশদূষণের অভিযোগসহ নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। নতুন এই শ্রমিক মৃত্যুর ঘটনা ভারতের গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্রে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে।
সূত্র: রয়টার্স
বিভি/রয়টার্স/পিএইচ













মন্তব্য করুন: