• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে আইআরজিসির হামলা

প্রকাশিত: ১২:৩৫, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৪০, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে আইআরজিসির হামলা

বাহরাইনের মিনা সালমান জেটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস নিউ অরলিন্স

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) ভোরের দিকে এ হামলা পরিচালনা করা হয়েছে।

হামলার দায় স্বীকার করে দেওয়া বিবৃতিতে আইআরজিসিও জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা করেছে ‘শত্রুপক্ষ’। সেই হামলার প্রতিশোধ নিতে কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা হামলা পরিচালনা করেছে আইআরজিসি।

এ হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি ‘গুরুতর সকর্তবার্তা’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি এই ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স যেকোনো মাত্রায় পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আইআরজিসি-ঘনিষ্ঠ ইরানি বার্তাসংস্থা ফার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির রাডার স্থাপনাটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং বাহরাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তর অবস্থিত। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি’ ঘাঁটিতে থাকা এই সদর দপ্তরটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযানের প্রধান কমান্ড কেন্দ্র হিসেবে কাজ করে।

সূত্র: আলজাজিরা  

বিভি/এসজি

মন্তব্য করুন: