কিয়েভের হাসপাতালে রাশিয়ার ড্রোন হামলা
স্পেসএক্সের স্টারশিল্ডে বিঘ্ন, ইউক্রেনের ১২ অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়
ইউক্রেনের সামরিক ড্রোন প্রতিরোধব্যবস্থায় ব্যবহৃত মার্কিন স্যাটেলাইটভিত্তিক যোগাযোগব্যবস্থা স্টারশিল্ডে বিঘ্ন দেখা দেওয়ার মধ্যে দেশটির ১২টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। একই সময়ে রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে একটি হাসপাতালে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে কিয়েভের ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিকসে ড্রোনটি আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হামলায় হাসপাতালের দ্বিতীয় তলা এবং পাশের ১৯ শতকের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের কয়েকটি ভবনের জানালাও ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রাস্তার ওপারে অবস্থিত ন্যাশনাল একাডেমি অব আর্টসও রয়েছে। হামলার পর হাসপাতালের আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। হাসপাতালটির পরিচালক রোমান দেরকাচ জানিয়েছেন, ৩০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি সামাল দিতে সাময়িকভাবে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে স্টারশিল্ড ব্যবস্থায় বিঘ্নের কারণে রাশিয়ার ড্রোন প্রতিহত করতে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা বাধার মুখে পড়ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি জানান, ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত এবং পেন্টাগনের তত্ত্বাবধানে থাকা এই ব্যবস্থার গতি আবারও সীমিত করা হয়েছে। গত মাসেও অজ্ঞাত কারণে একই ধরনের ঘটনা ঘটেছিল।
জেলেনস্কির ভাষ্য, স্যাটেলাইট যোগাযোগব্যবস্থার ওপর নির্ভরশীল ইউক্রেনের ড্রোন প্রতিরোধক ব্যবস্থা প্রয়োজনীয় গতি না পাওয়ায় রাশিয়ার কয়েকটি আকাশ অভিযান সফল হয়েছে। তবে কেন দ্বিতীয়বারের মতো স্টারশিল্ডের গতি সীমিত করা হয়েছে, সে বিষয়ে হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি।
অন্যদিকে রাতভর ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় ১২টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দেশটির উপ-জ্বালানিমন্ত্রী আরতেম নেকরাসভ জানান, বিদ্যুৎকর্মীরা মেরামতের কাজ চালালেও নতুন হামলা ও বিমান হামলার সতর্কবার্তার কারণে কাজ ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ বিপর্যয়ের শিকার অঞ্চলগুলো হলো দিনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া, ঝিতোমির, কিয়েভ, মাইকোলাইভ, ওদেসা, রিভনে, সুমি, খারকিভ, খমেলনিতস্কি ও চেরনিহিভ।
এদিকে রাশিয়ার দাবি, রাতভর ইউক্রেনের প্রায় ১ হাজার ২০০টি ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদে এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলেও জানিয়েছে মস্কো।
এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলছে। সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। পরে তারা ডাবলিনে গিয়ে জেলেনস্কিকে বৈঠকের বিষয়ে অবহিত করেন।
সূত্র: গার্ডিয়ান
বিভি/জিডি/পিএইচ













মন্তব্য করুন: