• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমলো ক্যাটাগরি

প্রকাশিত: ১৭:৪৫, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, কমলো ক্যাটাগরি

বিদেশি নাগরিকদের পর্যটন, চিকিৎসা, পড়াশোনা, গবেষণা ও ব্যবসায়িক ভ্রমণ আরও সহজ করতে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন এই কাঠামোয় ভিসার মূল ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে নেওয়া পুনর্বিন্যাসের উদ্যোগের ধারাবাহিকতায় উন্নত দেশগুলোর ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ভিসা ব্যবস্থার তথ্যপ্রযুক্তি অবকাঠামো হালনাগাদের কাজ চলছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ নতুন কাঠামোয় ভিসা প্রদান শুরু হবে।

নতুন নিয়মে ভিসার প্রধান ৯টি ধরন হলো: ভিজিটর, চিকিৎসা, শিক্ষার্থী, ব্যবসায়িক, কর্মসংস্থান, কূটনৈতিক, সরকারি, সাংবাদিক এবং বিবিধ ভিসা।

প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ রাখা হয়েছে, যা ভি-১ এবং ভি-২ দুটি উপক্যাটাগরিতে বিভক্ত।

ভি-১ (৩০ দিন মেয়াদি): মাল্টিপল এন্ট্রি বা একাধিকবার প্রবেশের সুবিধাসহ এই ভিসায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, যোগব্যায়াম ও সুস্থতা কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত বা শিল্পকলার স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে।

ভি-২ (১, ৫ বা ১০ বছর মেয়াদি): যোগ্যতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি এই ভিসায় ভি-১-এর সব সুবিধার পাশাপাশি পর্বতারোহণের সুযোগ থাকবে (পর্বতারোহণের জন্য ৬ মাসের পৃথক মাল্টিপল এন্ট্রি ব্যবস্থাও রাখা হয়েছে)।

চিকিৎসা ভিসার মেয়াদ ১ বছর: চিকিৎসা ভিসাকেও সহজ করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ (AYUSH) পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। ই-ভিসাসহ উভয় ক্ষেত্রেই মেয়াদ হবে ১ বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। এছাড়া এম-১ ভিসাধারী রোগীর সঙ্গীদের জন্য এম-২ এবং এম-৩ ভিসাধারীর সঙ্গীদের জন্য এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষার্থী ও গবেষক ভিসা: শিক্ষা ভিসাকে এস-১ এবং এস-২ ভাগে ভাগ করা হয়েছে। স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন এস-১ ভিসা। অন্যদিকে পিএইচডি গবেষক, ভিজিটিং ফ্যাকাল্টি, ইন্টার্নশিপ, বিনিময় কর্মসূচি ও বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা পাবেন এস-২ ভিসা। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোর্সের মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ ৫ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ই-এস১ ভিসা পাবেন।

ব্যবসায়িক ও কারিগরি ভিসা: ব্যবসায়িক ভিসাকে বি-১ (দীর্ঘমেয়াদি ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপন) এবং বি-২ (স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্রের শুটিং) ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। পাশাপাশি ভারতীয় প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, আইটি ও কারিগরি সহায়তা দিতে আসা বিদেশি বিশেষজ্ঞরা ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে বি-২ ক্যাটাগরির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাবেন (যা আগে ই-বি৪ ভিসার অধীনে ছিল)।

বিবিধ ভিসা: এই ক্যাটাগরির আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাদের পরিবার, দীর্ঘমেয়াদি ভিসাধারীদের নির্ভরশীল সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগদানকারী এবং আফগানিস্তানসহ প্রতিবেশী কয়েকটি দেশের নির্ধারিত আবেদনকারীরা দীর্ঘমেয়াদি ভিসার সুবিধা পাবেন।

উল্লেখ্য, বর্তমানে ভারত বিশ্বের ১৭২টি দেশের নাগরিকদের জন্য ১৩টি উপক্যাটাগরিতে ই-ভিসা সুবিধা দিয়ে আসছে। নতুন এই সংস্কারের ফলে বিদেশি নাগরিক ও ভারতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ঝামেলামুক্ত হবে বলে আশা করছে দেশটির সরকার।

সূত্র: এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত