• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বৈরী সম্পর্কের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী, নেপথ্যে কী?

প্রকাশিত: ২০:২৯, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩০, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বৈরী সম্পর্কের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী, নেপথ্যে কী?

দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ও গত বছরের সামরিক সংঘাতের পর বিরল এক সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। আগামী ২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ‘সভ্যতাবিষয়ক সংলাপে’ (সিভিলাইজেশনাল ডায়ালগ) অংশ নিতে তিনি এই সফর করবেন। 

শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় এসসিও-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তিন বছরেরও বেশি সময় পর এবং গত বছরের সামরিক সংঘাতের পর এটিই হতে যাচ্ছে পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।   

ভারত ও পাকিস্তান উভয়ই আঞ্চলিক জোট এসসিও-র পূর্ণ সদস্য। জোটের প্রচলিত রীতি অনুযায়ী, আয়োজক দেশ হিসেবে ভারত গত ২৮ অক্টোবর সদস্য সব দেশকেই এই সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিও কাঠামোর আওতায় বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতিতে ইসলামাবাদ অটল রয়েছে। 

উল্লেখ্য, আগামী বছর এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান, যা এই বহুপাক্ষিক যোগাযোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। 

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর ইস্যুসহ নানা কারণে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ গত বছরের (২০২৫) মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীসহ দুই ডজনের বেশি পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। নয়াদিল্লি ওই হামলার পেছনে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ তুললে পাকিস্তান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের একপর্যায়ে দুই দেশ চার দিনব্যাপী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা বিনিময়সহ তীব্র সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে, যাতে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। ওই সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন।   

বিভি/টিটি

মন্তব্য করুন: