• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইসরাইলের নির্বাচন

নেতানিয়াহুর পতন হলেও ইসরাইলে চলবে উগ্র ডানপন্থী রাজনীতি, নেপথ্যে যারা

প্রকাশিত: ০০:৪৫, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৭, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নেতানিয়াহুর পতন হলেও ইসরাইলে চলবে উগ্র ডানপন্থী রাজনীতি, নেপথ্যে যারা

ছবি: আলজাজিরা/এপি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারালেও দেশটির রাজনীতি থেকে উগ্র ডানপন্থী আদর্শের প্রভাব সহজে দূর হবে না। বরং তার সরকারের কট্টর ডানপন্থী দুই মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের রাজনৈতিক উত্তরাধিকার আরও বহু বছর টিকে থাকতে পারে। বিশ্লেষকদের মতে, তাদের নেওয়া প্রশাসনিক পদক্ষেপ, বসতি সম্প্রসারণের নীতি এবং ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষমূলক রাজনৈতিক অবস্থান ইসরাইলের রাষ্ট্রীয় কাঠামোয় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে ইসরাইলের বিরোধী দলগুলো। এ পরিস্থিতিতে তার সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রীদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বসতি স্থাপনপন্থী অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার দায়ে দণ্ডিত জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের অবস্থান নিয়ে চলছে জল্পনা।

সাবেক সেনাপ্রধান আইজেনকোটের সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর আগ্রহের খবর সামনে আসার পর দুই মন্ত্রীই এর বিরোধিতা করেছেন। বেন-গভির বলেছেন, ইসরাইলকে ‘রক্ষা করতে’ নেতানিয়াহুর সামনে নিজেকে অথবা আইজেনকোটকে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, স্মোট্রিচ তার অতি-গোঁড়া ইহুদি রাজনৈতিক মিত্রদের আইজেনকোটের সঙ্গে আলোচনায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

২০২২ সালে বেন-গভিরের উগ্র ডানপন্থী দল ওতজমা ইয়েহুদিত এবং স্মোট্রিচের রিলিজিয়াস জায়নিস্ট পার্টিকে নিয়ে জোট সরকার গঠন করেন নেতানিয়াহু। স্মোট্রিচ অর্থমন্ত্রী হওয়ার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ পান। বেন-গভির দায়িত্ব পান জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের।

গত তিন বছরে কট্টর জায়নবাদ ও ইহুদি আধিপত্যবাদী আদর্শের ভিত্তিতে ইসরাইলের কঠোর নীতিগুলো বাস্তবায়নে প্রভাব খাটিয়েছেন তারা। গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের জোরালো সমর্থক ছিলেন দুজনই। আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিলে তারা সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন। গাজা দখল, সেখানে বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের জাতিগতভাবে উচ্ছেদের আহ্বানও জানিয়েছেন তারা।

২০২৫ সালের জুনে স্মোট্রিচ ও বেন-গভিরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। কয়েকটি দেশ তাদের সম্পদও জব্দ করে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদের নির্মূল করার অভিন্ন আকাঙ্ক্ষার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্লেষক আরি পারলিগারের মতে, বেন-গভিরের রাজনৈতিক শক্তির ভিত্তি জনপ্রিয়তাবাদ ও লোকদেখানো কর্মকাণ্ড। বিরোধী দলে থাকলেও তিনি রাজনৈতিক সুবিধা পেতে পারেন। বিপরীতে, অর্থমন্ত্রী হিসেবে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বসতি স্থাপন কর্মসূচি এগিয়ে নেওয়ায় স্মোট্রিচ সরকার থেকে বাদ পড়লে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

স্মোট্রিচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়ে পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের বড় অংশের ওপর ক্ষমতা পান। তাঁর উদ্যোগে পৃথক বসতি প্রশাসন প্রতিষ্ঠিত হয় এবং অবৈধ বসতি সম্প্রসারণ ত্বরান্বিত হয়। ২০২৫ সালের আগস্টে ই-১ বসতি পরিকল্পনা পুনরুজ্জীবিত করে তিনি বলেন, এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে কবর দেওয়া হবে।

অন্যদিকে, বেন-গভিরের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা এবং কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অধিকার ও সুযোগ-সুবিধা কঠোরভাবে সীমিত করার অভিযোগ রয়েছে। পারলিগারের মতে, জনবল, প্রশাসনিক পদ্ধতি ও বাস্তব পরিস্থিতিতে আনা এসব পরিবর্তন ফিরিয়ে নিতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

ইউনিভার্সিটি অব এসেক্সের অধ্যাপক রই জুরের মতে, স্মোট্রিচ ও বেন-গভিরের রাজনৈতিক গোষ্ঠীর সমর্থন রয়েছে ইসরাইলের প্রায় ১০ শতাংশ ভোটারের। ফলে তাদের রাজনৈতিক প্রভাব সহজে শেষ হওয়ার নয়।

বিশ্লেষকদের আশঙ্কা, এই দুই নেতার সবচেয়ে দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হতে পারে ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষকে রাষ্ট্রীয়ভাবে স্বাভাবিক করে তোলা। ফিলিস্তিনি সাবেক সংসদ সদস্য আয়দা তৌমা-সুলেইমানের ভাষায়, নেতানিয়াহু ও তার মিত্ররা শুধু বর্ণবাদী আচরণের অনুমতিই দেননি, বরং একে দেশপ্রেমের প্রমাণে পরিণত করেছেন।

সূত্র: আলজাজিরা

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: