• NEWS PORTAL

  • রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনে জড়িত ইসরাইলি চিকিৎসকরা, উঠছে গুরুতর অভিযোগ

প্রকাশিত: ০১:১৬, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:২৮, ১৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনে জড়িত ইসরাইলি চিকিৎসকরা, উঠছে গুরুতর অভিযোগ

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন এবং গাজায় হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলায় ইসরাইলি চিকিৎসকদের জড়িত থাকার অভিযোগ উঠলেও দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনকে (আইএমএ) বহিষ্কারের দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ব মেডিকেল অ্যাসোসিয়েশন (ডব্লিউএমএ)। এতে আন্তর্জাতিক চিকিৎসক মহলে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, নির্যাতনে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আইএমএ চিকিৎসা নৈতিকতা ও মানবাধিকার লঙ্ঘনকে প্রশ্রয় দিচ্ছে। আর অভিযোগ তদন্তে ব্যর্থ হয়ে ডব্লিউএমএও তার নৈতিক দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

গত মাসে নেদারল্যান্ডসের রটারডামে ডব্লিউএমএর সাধারণ অধিবেশনে আইএমএকে বহিষ্কারের দাবিতে ৬ হাজার ৫০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর স্বাক্ষরসংবলিত আবেদন জমা দেওয়া হয়। ‘আইএমএ আউট!’ প্রচারণার উদ্যোগে জমা দেওয়া ওই আবেদনের সমর্থনে শত শত চিকিৎসক বিক্ষোভ করেন। তাদের হাতে ছিল গাজায় ইসরাইলি অভিযানে নিহত ১৮ হাজার ফিলিস্তিনি শিশুর নাম লেখা কাফন।

একই মাসে হিন্দ রাজাব ফাউন্ডেশন আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ জমা দিয়ে ফিলিস্তিনিদের নির্যাতনে ইসরাইলি চিকিৎসক, আইএমএ এবং দেশটির স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভূমিকা তদন্তের আহ্বান জানায়। ডব্লিউএমএর কোনো সদস্য সংগঠনের বিরুদ্ধে আইসিসিতে এটাই প্রথম অভিযোগ।

ব্রিটিশ অবসরপ্রাপ্ত চিকিৎসক জোনাথন ফ্লাক্সম্যানের অভিযোগ, মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া নির্যাতন ও হত্যার প্রতিবেদন ডব্লিউএমএ ও আইএমএ তদন্ত করতে অস্বীকৃতি জানাচ্ছে। তার দাবি, গত ৩০ বছর ধরে ইসরাইলে নির্যাতনের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন ধামাচাপা দিয়ে আসছে ডব্লিউএমএ। ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন ও মৃত্যুর ঘটনায় আইএমএর সদস্যদের সম্পৃক্ততা তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ডব্লিউএমএর সদস্য ১১৮টি দেশের চিকিৎসক সংগঠন। ১৯৭৫ সালের টোকিও ঘোষণায় চিকিৎসকদের নির্যাতনে অংশ না নেওয়া এবং এমন ঘটনা প্রকাশের দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। এর আগে ১৯৭৬ সালে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার চিকিৎসকদের নির্যাতনে জড়িত থাকার অভিযোগে দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনকে ডব্লিউএমএর দুটি অধিবেশনে অংশ নিতে দেওয়া হয়নি। ২০০৯ সালে ৪৩টি দেশের ৭২৫ জন চিকিৎসক এবং ২০১৬ সালে যুক্তরাজ্যের ৭১ জন চিকিৎসক আইএমএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললেও তা কার্যকর হয়নি।

ইসরাইলের ৯০ শতাংশের বেশি চিকিৎসককে প্রতিনিধিত্ব করে আইএমএ। সংগঠনটির সভাপতি জিওন হাগাই ডব্লিউএমএর সামাজিক ও চিকিৎসাবিষয়ক কমিটির প্রধান। প্রধান নির্বাহী লিয়া ওয়াপনারও সংস্থাটির একাধিক কমিটিতে দায়িত্ব পালন করছেন।

গত বছর আইএমএকে বহিষ্কারের উদ্যোগ নেয় দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশন (সামা)। তবে প্রস্তাবটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে সামা আইএমএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ব্রিটিশ ও তুর্কি মেডিকেল অ্যাসোসিয়েশনও একই পদক্ষেপ নেয়। সামার চেয়ারম্যান মভুইয়িসি মজকোয়া বলেন, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইএমএকে স্থগিত করা উচিত ছিল। ভিসা জটিলতায় তারা এবারের অধিবেশনে অংশ নিতে পারেননি।

গাজায় হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় আইএমএর নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের নভেম্বরে সংগঠনটির সভাপতি হাগাই গাজার হাসপাতালগুলোতে ইসরাইলি হামলার পক্ষে যুক্তি দেন। একই মাসে ৮১ জন ইসরাইলি চিকিৎসক হাসপাতালগুলোতে বোমা হামলার সমর্থনে চিঠি দিলেও আইএমএ এর নিন্দা জানায়নি। এ ছাড়া হাজারো ফিলিস্তিনি বন্দির ওপর অনাহারমূলক খাদ্যনীতি অনুমোদনে আইএমএর নৈতিকতা বিভাগের সদস্য ও ইসরাইলি কারা বিভাগের প্রধান চিকিৎসা কর্মকর্তা লিয়াভ গোল্ডস্টেইনের ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে।

নেগেভ মরুভূমির সেদে তেইমান আটককেন্দ্রে বন্দিদের বিবস্ত্র করে শিকল পরানো, ডায়াপার পরতে বাধ্য করা এবং অ্যানেসথেশিয়া ছাড়াই অস্ত্রোপচারের অভিযোগ তুলেছেন তথ্য ফাঁসকারীরা। সেখানে আটক ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীরাও রয়েছেন। তবে আইএমএর নৈতিকতা বোর্ডের পরিচালক ইয়োসি ওয়ালফিশ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বন্দিদের যথাযথ চিকিৎসা দেওয়ার দাবি করেছেন।

গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াও ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইসরায়েলের আটক রয়েছেন। তার ওপর নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া ফিলিস্তিনি চিকিৎসক ডা. আদনান আল-বুরশের কারাগারে মৃত্যু এবং তার ওপর নির্যাতনের অভিযোগ নিয়েও আইএমএর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।

অভিযোগের বিষয়ে ডব্লিউএমএ বলেছে, অন্তর্ভুক্তি তাদের পরিচয়ের মূল ভিত্তি। রোগী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা তাদের অগ্রাধিকার। সদস্য সংগঠনগুলো নিজেদের দেশের সরকার জড়িত থাকলেও অন্যায় ও চিকিৎসা নিরপেক্ষতার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলে বলে দাবি করেছে সংস্থাটি। তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রকাশের সময় পর্যন্ত আইএমএ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো জবাব পাওয়া যায়নি।

সূত্র: এমইই

বিভি/এমইই/পিএইচ

মন্তব্য করুন: