পাকিস্তানে দুর্ধর্ষ অভিযান: প্রাণ গেল মেজরসহ ৪ সেনাসদস্যের, নিহত ২৪ জঙ্গিও
ছবি: ডিএন
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চার সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মেজর রয়েছেন। এসব অভিযানে দুই আফগান নাগরিকসহ মোট ২৪ জঙ্গি নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কোয়েটা-তাফতান জাতীয় মহাসড়কেও (এন-৪০) টহল ও নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৩ ও ১৪ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোলপুর এলাকায় অভিযানে আট সন্ত্রাসী নিহত হন। তাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন। নিহতরা ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে আইএসপিআর। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করে। দেশটির অভিযোগ, পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা ছড়াতে ভারত এসব গোষ্ঠীকে সহায়তা করছে।
আইএসপিআর জানায়, ১৪ নভেম্বর সন্ত্রাসীরা সশস্ত্র কোয়াডকপ্টার বা ড্রোন ব্যবহার করে টহলরত সামরিক যানবাহনে হামলা চালায়। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। মেজর ওমর মিনহাস নাসির চাকওয়াল জেলার এবং হাবিলদার মুহাম্মদ আদনান খান কোটলি সাত্তিয়ান এলাকার বাসিন্দা।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কাপুরুষোচিত হামলা নিরাপত্তা বাহিনীর মনোবল ও সংকল্পে কোনো প্রভাব ফেলতে পারেনি। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত একই উদ্যমে অভিযান অব্যাহত থাকবে। হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান চলবে।
আইএসপিআরের অভিযোগ, ভারত ও অন্যান্য শত্রুভাবাপন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠী ড্রোন, আইইডিসহ (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে। সরকারের শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত করতেই এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি সামরিক বাহিনীর।
আইএসপিআর আরও দাবি করেছে, সন্ত্রাসীদের আর্থিক সহায়তা ও আধুনিক সরঞ্জাম সরবরাহ করছে ভারত। তবে নিরাপত্তা বাহিনী এসব পরিবর্তিত হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সন্ত্রাসীরা যে পদ্ধতিই ব্যবহার করুক না কেন, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।
এর আগে উত্তর ওয়াজিরিস্তানে পৃথক একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দুই সেনাসদস্যসহ ১৮ জন নিহত হন। নিহত দুই সেনাসদস্য হলেন হাবিলদার আসমত আলী (৪৩) ও নায়েক আফতাব আলী (৩২)। একই অভিযানে দুই আফগান নাগরিকসহ ১৬ সন্ত্রাসী নিহত হন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানের মির আলী, দত্তা খেল ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের একাধিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়। তীব্র গোলাগুলির পর আলী খেল এলাকায় ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ১২ সদস্য নিহত হন। তাঁদের মধ্যে দুজন আফগান নাগরিক ছিলেন। এ ছাড়া মির আলী ও দত্তা খেল এলাকায় আরও দুজন করে সন্ত্রাসী নিহত হন।
পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে। নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে আইএসপিআর। তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সামরিক বাহিনী জানায়, এসব এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত দেশজুড়ে অভিযান চলবে।
নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পৃথক বিবৃতিতে তিনি নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেনা কর্মকর্তা ও সদস্যদের আত্মত্যাগকে পুরো জাতির জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীর পেশাদারত্ব, সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপির বরাতে জানা গেছে, উত্তর ওয়াজিরিস্তানে ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ১৬ সদস্যকে হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
শেহবাজ শরিফ বলেন, সাহসী সেনাসদস্যদের সর্বোচ্চ আত্মত্যাগ সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূলের জাতীয় সংকল্পকে আরও শক্তিশালী করেছে। দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তি, দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেলুচিস্তানের মাস্তুংয়ের কারদাগাপ এলাকায় সামরিক বহরে ড্রোন হামলায় সেনাসদস্যদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসবাদ নির্মূলের সংকল্পে পুরো জাতি সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধ রয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি আট সন্ত্রাসী নিহত হওয়ার ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বেলুচিস্তানে অস্থিতিশীলতা ছড়ানো এবং উন্নয়নের পথ বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে। নিহত মেজর ও হাবিলদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ নির্মূল এবং মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। প্রদেশের শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে কোনো আপস করা হবে না।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, এসব অভিযান শুরুর আগের দিনই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হন। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৪৩ জন এবং বেলুচিস্তানে ৩১ জন নিহত হন। খাইবার পাখতুনখোয়ায় ৪৮ ঘণ্টার অভিযানে উত্তর ওয়াজিরিস্তানের মির আলীতে ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আটজন নিহত হন। অন্যদিকে, বেলুচিস্তানে ৩ নভেম্বর শুরু হওয়া অভিযানে ৩১ জন নিহত হন বলে জানায় সামরিক বাহিনী।
২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ টিটিপি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাহার করে হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা গেছে। এ সময়ে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা ও সাবেক উপজাতীয় জেলাগুলোতে নতুন করে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ধরনেও পরিবর্তন এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সাবেক উপজাতীয় জেলাগুলোতে হামলার সংখ্যা আগের সপ্তাহের আটটি থেকে বেড়ে ২০টিতে দাঁড়ায়। অন্যদিকে, বেলুচিস্তানে হামলার সংখ্যা ১৫টি থেকে কমে ১১টিতে নেমে আসে। তবে প্রদেশটিতে হামলায় নিহতের সংখ্যা পাঁচ থেকে বেড়ে সাত হয়েছে।
অক্টোবরে মাসভিত্তিক হিসাবে সন্ত্রাসী সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমার পরও নভেম্বরের প্রথম সপ্তাহে এ পরিস্থিতির অবনতি ঘটে। এর আগে ১ নভেম্বর বেলুচিস্তানের কাচি ও খারান জেলায় দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে এক সেনাসদস্য নিহত এবং ১৭ সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছিল আইএসপিআর।
সূত্র: ডিএন
বিভি/ইটি/পিএইচ













মন্তব্য করুন: