জলবায়ু ন্যায়বিচারের দাবিতে আন্তালিয়ার রাস্তায় ১০ হাজারের বেশি মানুষ সমাগম
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়নের দাবিতে তুরস্কের আনতালিয়ায় পদযাত্রা করেছেন বিভিন্ন দেশের হাজারো জলবায়ুকর্মী। স্থানীয় সময় শনিবার বিকেলে কপ-৩১ সম্মেলনস্থলের বাইরে আয়োজিত এ কর্মসূচিতে তরুণ, পরিবেশকর্মী, শ্রমিক, আদিবাসী প্রতিনিধি ও নাগরিক সংগঠনের সদস্যরা অংশ নেন। আয়োজকদের হিসাবে, পদযাত্রায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১০ হাজারের বেশি।
আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় আনতালিয়ার আইদিন কানজা পার্ক থেকে পদযাত্রা শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি এগিয়ে যায় রিপাবলিক স্কয়ারের দিকে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।

পদযাত্রা থেকে জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা, নতুন তেল-গ্যাস ও কয়লাভিত্তিক প্রকল্প বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য উত্তরণের দাবি জানানো হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান কর্মীরা।
অংশগ্রহণকারীরা বলেন, প্রতিবছর জলবায়ু সম্মেলনে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে না। বরং নতুন তেল-গ্যাস প্রকল্প ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ অব্যাহত রয়েছে। এর ফলে জলবায়ু সংকটের জন্য সবচেয়ে কম দায়ী দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে বহন করতে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি।
তাদের মতে, জলবায়ু সংকট কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি অর্থনৈতিক বৈষম্য, মানবাধিকার ও ন্যায়বিচারের বিষয়ও। বৈশ্বিক উষ্ণায়নে তুলনামূলকভাবে কম দায়ী দেশ ও জনগোষ্ঠীই ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পদযাত্রায় উন্নত দেশগুলোর কাছে জলবায়ু অর্থায়নের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়। কর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজনের জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনীয় অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাদের হাতে ছিল জলবায়ু ন্যায্যতা, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবীর দাবিসংবলিত প্ল্যাকার্ড। তরুণ কর্মীরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কেবল প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ।

এ ছাড়া পদযাত্রায় খাদ্য সার্বভৌমত্ব, আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমির অধিকার এবং কৃষকদের স্বার্থ সুরক্ষার দাবিও উঠে আসে। অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্য উৎপাদন ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। তাই জ্বালানি রূপান্তরের পাশাপাশি কৃষি, খাদ্যব্যবস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুরক্ষাকেও গুরুত্ব দিতে হবে।
কপ-৩১ সম্মেলনের আলোচনা চলার মধ্যেই এ পদযাত্রার মধ্য দিয়ে জলবায়ু ইস্যুতে নাগরিক সমাজের অবস্থান তুলে ধরেন কর্মীরা। সম্মেলনের ভেতরে দেশগুলোর প্রতিনিধিরা যখন অর্থায়ন, অভিযোজন, জ্বালানি রূপান্তর ও জলবায়ু নীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, তখন সম্মেলনস্থলের বাইরে দ্রুত ও ন্যায়সংগত পদক্ষেপের দাবি জানান বিভিন্ন দেশের জলবায়ুকর্মীরা।
বিভি/কেএস/পিএইচ













মন্তব্য করুন: